বাংলায় বিধানসভা নির্বাচনে পনেরো বছরের তৃণমূল সরকারকে সরিয়ে জয় পেয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের 'ঐতিহাসিক জয়ে' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই মঙ্গলবার বলেন, " (পশ্চিমবঙ্গে) সাম্প্রতিক ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।" কুশ আরও জানান, ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৬টি আসনে জয়লাভ করেছে। যেখানে ম্যাজিক ফিগার ১৪৭। এখনও বাকি রয়েছে একটি আসনের ফলাফল প্রকাশ।
প্রসঙ্গত, বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর পর বাংলায় এবারের নির্বাচন ছিল সব দিক থেকেই নজিরবিহীন। এসআইআরে সর্বমোট বাদ পড়ে ৯১ লক্ষ। এখনও সাতাশ লক্ষ ভোটারের নাগরিকত্বের নিষ্পত্তি বাকি রয়েছে। এই অবস্থায় প্রথম দফার ভোট পড়ে ৯২.৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৯১.৪৭ শতাংশ ভোট পড়ে। ৪ মে ফলাফলে দেখা যায় বাংলায় গেরুয়া ঝড় উঠেছে। বিজেপি পেয়েছে ২০৬টি আসন, অন্যদিকে শাসক দল তৃণমূল পেয়েছে ৮১টি, বাম-কংগ্রেস-সহ অন্যান্য দলের আসন সংখ্যা ৬।
