shono
Advertisement
Punjab Blast

পাঞ্জাবে জঙ্গি হামলা! অমৃতসর, জলন্ধরে বিএসএফ-এর দপ্তর ও ক্যাম্পে পরপর বিস্ফোরণ

দ্বিতীয় বিস্ফোরণ ঘটে মঙ্গলবার গভীর রাতে অমৃতসরের খাসা এলাকায়। এখানে বিএসএফ ক্যাম্পের পাশে এক সেনা শিবিরের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। জায়গাটি আটারি-ওয়াঘা বর্ডার থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে।
Published By: Amit Kumar DasPosted: 09:18 AM May 06, 2026Updated: 01:28 PM May 06, 2026

পাঞ্জাবে (Punjab Blast) জঙ্গি হামলা? অমৃতসর, জলন্ধরে বিএসএফ-এর দপ্তর ও ক্যাম্পে পরপর বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও নড়েচড়ে বসেছে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা। গোটা রাজ্যে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি শুরু হয়েছে নজরদারি। পাক সীমান্তবর্তী পাঞ্জাবে এহেন ঘটনার সন্ত্রাসবাদের গন্ধ পাচ্ছে গোয়েন্দা বিভাগ।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রথম হামলার ঘটনা ঘটে জলন্ধরের বিএসএফ চকে বিএসএফের সদর দপ্তরের কাছে। ব্যস্ত এলাকায় পার্ক করা একটি স্কুটারে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে আগুন ধরে যায় স্কুটারে। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার কয়েক ঘণ্টা পরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে মঙ্গলবার গভীর রাতে অমৃতসরের খাসা এলাকায়। এখানে বিএসএফ ক্যাম্পের পাশে এক সেনা শিবিরের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। জায়গাটি আটারি-ওয়াঘা বর্ডার থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রথম হামলার ঘটনা ঘটে জলন্ধরের বিএসএফ চকে বিএসএফের সদর দপ্তরের কাছে। ব্যস্ত এলাকায় পার্ক করা একটি স্কুটারে বিস্ফোরণ ঘটে।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, রাতে মোটরসাইকেলে চেপে আসা এক সন্দেহভাজন গ্রেনেড ছোড়ে সেনা ক্যাম্প লক্ষ করে। অমৃতসর গ্রামীণ পুলিশের এসপি আদিত্য ওয়ারিয়ার জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ সেনা ক্যাম্পের বাইরে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপর পুলিশ ও সেনাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে, 'আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। ফরেনসিক দলও ঘটনাস্থলে রয়েছে। কে বা কারা এই হামলার নেপথ্যে তার তদন্ত শুরু হয়েছে।

ঘটনার মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় হঠাৎ বিরাট বিস্ফোরণ ঘটে স্কুটারে। ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে রাস্তা জুড়ে। এক ব্যক্তিকে ছুটে পালাতে দেখা যায়। যেহেতু এটি সীমান্তবর্তী এলাকা তাই এর সঙ্গে কোনও জঙ্গিযোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement