ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে পড়া যাত্রীদের জন্য স্বস্তির খবর। মঙ্গলবার থেকে পশ্চিম এশিয়ার একাধিক শহরে নিয়মিত ও বিশেষ পরিষেবা চালু করার ঘোষণা করেছে বিমান সংস্থাগুলি। সৌদি আরবের রাজধানী রিয়াদে ড্রোন হামলার পর এখানকার আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে অনিশ্চয়তার মধ্যেও সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই ও আবুধাবি বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার রাতে আবুধাবি থেকে দিল্লি পৌঁছয় একটি বিমান। ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি থেকে দিল্লি, কোচি ও বেঙ্গালুরুতে বিমান পরিষেবা শুরু করেছে।
গত ৩ দিনে দুবাইতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। যার জেরে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সেখানে আটকে পড়েছেন বহু ভারতীয়। এমিরেটস এয়ারলাইন্স এই রুটে বিশেষ বিমান পরিষেবা চালুর ঘোষণা করেছে। মঙ্গলবার দুবাই থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বই ও হায়দরাবাদে চালু হয়েছে বিমান। ইন্ডিগো সংস্থাও জেড্ডা থেকে হায়দরাবাদ, মুম্বই, দিল্লি ও আমেদাবাদে বিমান পরিষেবা শুরু করেছে। তবে এই ফ্লাইটগুলি সেইসব যাত্রীদের জন্য যারা আগে থেকে ইন্ডিগোর ফ্লাইট বুক করে রেখেছিলেন।
মঙ্গলবার দুবাই থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বই ও হায়দরাবাদে চালু হয়েছে বিমান। ইন্ডিগো সংস্থাও জেড্ডা থেকে হায়দরাবাদ, মুম্বই, দিল্লি ও আমেদাবাদে বিমান পরিষেবা শুরু করেছে।
তবে আকাসা এয়ারওয়েজও আবুধাবি, দোবা, জেড্ডা, কুয়েত এবং রিয়াধে তাদের বিমান পরিষেবা বন্ধ রেখেছে ৩ মার্চ পর্যন্ত। বুধবার থেকে মুম্বই, আহমেদাবাদ এবং জেড্ডায় বিমা পরিষেবা চালু করবে সংস্থাটি। তবে আবুধাবি, দোহা, কুয়েত এবং রিয়াদের সমস্ত ফ্লাইট ৪ মার্চ পর্যন্ত স্থগিত থাকছে। এয়ার এন্ডিয়া এক্সপ্রেস মাস্কাট থেকে পরিষেবা শুরু করলেও বাহরাইন, কুয়েত, কাতার এবং সৌদি আরবের বিমান পরিষেবা ৩ মার্চ পর্যন্ত স্থগিত রেখেছে। এয়ার ইন্ডিয়াও ৩ মার্চ পর্যন্ত পশ্চিম এশিয়ার সমস্ত দেশে পরিষেবা স্থগিত রেখেছে।
পাশাপাশি জানা যাচ্ছে, মঙ্গলবার দিল্লি বিমানবন্দর থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে যোগাযোগকারী ৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩৬টি যাওয়ার ও ৪৪টি আসার। এর পাশাপাশি বেঙ্গালুরু থেকে ৪৪টি বিমান বাতিল রয়েছে। বিমান সংস্থা স্পাইসজেট জানিয়েছে, আগামী কয়েকদিনের জন্য আমিরশাহীর ফুজাইরা থেকে দিল্লি ও কোচিতে একটি করে বিশেষ বিমান ও মুম্বই থেকে দু'টি বিমান পরিচালনা করবে। ৪ মার্চ থেকে, ফুজাইরা থেকে দিল্লি এবং মুম্বইতে নিয়মিত বিমান পরিষেবা শুরু করবে এই সংস্থা।
