আইআইটি পাশ করে আধ্যাত্মিকতার পথে হেঁটেছিলেন আইআইটি বাবা অভয় সিং। মহাকুম্ভে তাঁর বুদ্ধিদীপ্ত কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছিল দেশ। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হন তিনি। সন্ন্যাসের পথ ছেড়ে এবার গার্হস্থ্যের পথে পা বাড়ালেন সেই অভয়। বিয়ে করে হঠাৎ হাজির হলেন বাড়িতে। জানা যাচ্ছে, কর্নাটকের এক যুবতীকে বিয়ে করেছেন অভয়। যিনি একজন ইঞ্জিনিয়র।
জানা গিয়েছে, সোমবার হরিয়ানার ঝাজ্জরে স্ত্রী প্রীতিকাকে সঙ্গে নিয়ে হাজির হন অভয়। তিনি বলেন, বিয়ের পর বাবা মায়ের সঙ্গে দেখা করতেই বাড়ি এসেছেন। অভয়ের বাবা একজন আইনজীবী। বাবার চেম্বারে বসেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভয় বলেন, ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন বিয়ে করেছি আমরা। এরপর ১৯ ফেব্রুয়ারি আমাদের আইনি বিয়ে হয়। প্রীতিকা বেঙ্গালুরুর বাসিন্দা। ওই আমাকে আজ আমার বাড়িতে এনেছে। এখানে ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করানোও আমাদের উদ্দেশ্য। তাছাড়া বাবার আশীর্বাদও পেলাম আমরা।
অভয় বলেন, ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন বিয়ে করেছি আমরা। এরপর ১৯ ফেব্রুয়ারি আমাদের আইনি বিয়ে হয়। প্রীতিকা বেঙ্গালুরুর বাসিন্দা।
সংবাদমাধ্যমের সামনে স্বামীর গুণগানও করতে শোনা যায় প্রীতিকাকে। তিনি বলেন, অভয় অত্যন্ত সরল মনের। সৎ ও অত্যন্ত ভালো একজন মানুষ। এক বছর আগে ওঁর সঙ্গে আলাপ হয়েছিল আমার। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। এবার আমরা দু'জনে মিলে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত হব। ইচ্ছে আছে একটি সনাতন বিশ্ববিদ্যালয় তৈরি করার। যে বিশ্ববিদ্যালয়ে সাংসারিক জ্ঞাণের পাশাপাশি আধ্যাত্মিক পথের খোঁজ পাবেন মানুষ। এখানে শিক্ষা ও সাধনা দুটোই থাকবে।
উল্লেখ্য, মহাকুম্ভে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিলেন আইআইটি বাবা অভয় সিং। তাঁর বুদ্ধিদীপ্ত কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছিলেন সকলে। শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হলে অভয় বলেন, তিনি আইআইটি পাশ করে এসেছেন। এমন মেধাবী যুবকের সন্ন্যাসের পথে আসার ঘটনা নজর কাড়ে গোটা দেশের। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হন তিনি। এবার জীবনের নয়া ইনিংস শুরু করলেন সেই আইআইটি বাবা।
