ফের বিপত্তি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। রানওয়ে ছুঁতেই বেসামাল হয়ে যায় উড়ানটি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি ইন্দোর থেকে পুণের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটিতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। বিকেল পাঁচটা নাগাদ পুণে বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। সূত্রের খবর, নির্দিষ্ট সময়ে বিমানটি অবতরণ করলেও রানওয়ে ধরে যখন এগোচ্ছিল, তখন বিপত্তি ঘটে। বেসামাল হয়ে যায় উড়ানটি। জানা গিয়েছে, সাময়িকভাবে সেটি নিয়ন্ত্রণ হারায়। ফলে প্রচণ্ড ঝাঁকুনি দেখা যায় বিমানটিতে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিছু বুঝে ওঠার আগেই বিমানটি আবার উড়ে যায়।
অত্যন্ত দক্ষতার সঙ্গে পাইলট বিমানটিকে পুনরায় উড়িয়ে নিয়ে যান। তবে কিছুক্ষণ পরেই বিমানটি ফের অবতরণ করে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। বিমানের সমস্ত যাত্রী এবং 'ক্রু' প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। বিমানটি পুনরায় নিরাপদে অবতরণ করতেই স্বস্তি ফেরে যাত্রীদের মধ্যে। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।
