রাহুল গান্ধী রাজার বেটা। কংগ্রেস যদি নিজেকে বাঁচাতে চায়, তাহলে তাদের বিকল্প মুখের সন্ধান করতে হবে। কংগ্রেস সাংসদকে এই ভাষাতেই তোপ দাগলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
শুক্রবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কঙ্গনা। সেখানে বক্তৃতা করতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতাকে তুলোধনা করেন তিনি। বলেন, “রাজার বেটা সবসময় তাঁর প্রতি সবার মনোযোগ আকর্ষণ করতে চান। আমি মনে করি তিনি অসভ্য। সংসদে তাঁর ব্যবহার অত্যন্ত খারাপ। রাহুল দেশের জন্য বিপজ্জনক। বিশ্বমঞ্চেও তিনি ভারত সম্পর্কে খারাপ কথা বলেন। দেশ এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করছেন তিনি। তিনি ভারত-বিরোধী শক্তিগুলির হাতের পুতুল।”
কঙ্গনা আরও বলেন, “সংসদে রাহুলের ব্যবহার গুন্ডাদের মতো। আপনারা নিশ্চয়ই তা দেখেছেন। আমার মনে হয় কংগ্রেসও রাহুলের কর্মকাণ্ডে লজ্জিত। আমার মনে হয় না যে কংগ্রেসের কোনও ভবিষ্যৎ আছে। কিন্তু যদি তারা বাঁচাতে চায়, তাহলে তাদের এখনই বিকল্প মুখের সন্ধান করতে হবে।”
উল্লেখ্য, দিল্লির এআই সম্মেলনে সম্প্রতি প্রতিবাদ দেখিয়েছিল কংগ্রেস নেতা কর্মীরা। যা নিয়ে জোর বিতর্ক হয়। এমনকী যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব-সহ আরও অনেকে গ্রেপ্তারও হন। উদয়ের গ্রেপ্তারির নিন্দা জানিয়ে মুখ খুলেছিলেন রাহুল। তিনি বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদ করা আমাদের অধিকার। আমাদের বব্বর শেরের পাশে আছি।”
