প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল জনপ্রিয় ভিডিও মুছে দিয়েছিল মেটা! এই ঘটনায় আগেই ক্ষমা চেয়ে নিয়েছিল সংস্থাটি। সূত্রের খবর, এবার লিখিতভাবে জবাবদিহি করেছে তারা। ভুল স্বীকার করার পাশাপাশি তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পোস্ট করা কন্টেন্ট যেন উধাও হয়ে না যায় সেটা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রের তলব অনুযায়ী খুব দ্রুতই মেটা কর্তারা সরকারি আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেই জানা গিয়েছে।
নিট প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার মাঝরাতে ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। লাইক পড়েছে দেড় কোটি! কমেন্ট জমা পড়েছে ১৩ লক্ষের চেয়েও বেশি। আর সেই সঙ্গেই লাফিয়ে বেড়েছে ফলোয়ার। জানা যাচ্ছে, ভিডিওটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর অনুগামী সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু কয়েক ঘণ্টাতেই তা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছে যায়।
যে ভিডিও এহেন ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়, সেই ভিডিওটিই আচমকা উধাও হয়ে যায় মঙ্গলবার সকালে। খানিকক্ষণ পরে ভিডিওটি ফিরে এলেও ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছে কেন্দ্র। মেটার শীর্ষ কর্তাদের তলব করা হয়েছে। তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে মেটা এবং ইনস্টাগ্রামের আন্তর্জাতিক কর্তাদের সমন পাঠানো হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করছে কেন্দ্র। ভিডিও মুছে যাওয়ার পরই অবশ্য মেটার তরফ থেকে ক্ষমা চাওয়া হয়।
সূত্রের খবর, তথ্য এবং প্রযুক্তি মন্ত্রককে চিঠি লিখেছে মেটা। সেখানে জানানো হয়, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পোস্ট করা কন্টেন্ট সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ করা হবে। নিয়মিত নজর রাখা হবে এই অ্যাকাউন্টগুলিতে, যেন তাদের পোস্ট এবং কন্টেন্ট উধাও হয়ে না যায়। এই নতুন ব্যবস্থা আনা হয়েছে মোদির পোস্ট উধাও হয়ে যাওয়ার পরই। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেটা নিশ্চিত করতে সচেষ্ট মেটা। তারা আরও জানিয়েছে, কেন্দ্রের তলব মেনে কয়েকদিনের মধ্যেই সংস্থার শীর্ষকর্তারা হাজিরা দেবেন। যদিও এই নিয়ে প্রকাশ্যে কিছু জানায়নি মেটা।
