shono
Advertisement

Breaking News

Panjab

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণী গবেষকের

ঘটনা জানাজানি হতেই ক্ষোভের আগুন ছড়াল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। উপাচার্যের অফিসের বাইরে বিক্ষোভে কয়েকশো পড়ুয়া।
Published By: Kishore GhoshPosted: 02:27 PM Jul 29, 2026Updated: 04:54 PM Jul 29, 2026

চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক ঘটনা। ক্যাম্পাসের ভিতরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২৮ বছরের পিএইচডি গবেষক তরুণীর। বিষয়টি সামনে আসতেই শোকের পাশাপাশি ক্ষোভের আগুন ছড়ায় পড়ুয়াদের মধ্যে। দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম জ্যোতি। তিনি হরিয়ানার রিওয়ারির বাসিন্দা। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি নিয়ে গবেষণা করছিলেন। হোস্টেল থেকে শ্রেণিকক্ষে যাওয়ার সময় বিপদ ঘটে। একটানা বৃষ্টির কারণে ক্যাম্পাস জলমগ্ন ছিল। জ্যোতি জল এড়াতে একটি কাঁচা রাস্তা ধরেছিলেন। কাছাকাছি একটি বৈদ্যুতিক 'জংশন বক্স' থেকে আসা খোলা তারের সংস্পর্শে আসেন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারান জ্য়োতি। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে তরুণীর।

ঘটনা জানাজানি হতেই ক্ষোভের আগুন ছড়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। উপাচার্য অধ্যাপক রেনু ভিগের অফিসের বাইরে বিক্ষোভ দেখান কয়েকশো পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন তারা। বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি ওঠে। পাশাপাশি জ্যোতির পরিবারের জন্য আর্থিক সাহায্যেরও দাবিও জানান পড়ুয়ারা।

এরপর মঙ্গলবার রাতেই পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৃতার পরিবারকে ১৬ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে। এছাড়াও ছাত্রীর ভাইকে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement