ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে পারলের ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার মোদি-মেলোনির ‘মেলোডি’ ম্যাজিক পৌঁছল দালাল স্ট্রিটে। মঙ্গলবার দুই ‘বন্ধু’র ভিডিওটি প্রকাশ্যে আসতেই এক ধাক্কায় ৫ শতাংশ বাড়ল পারলে ইন্ডাস্ট্রিজের শেয়ার মূল্য। শুধু তা-ই নয়, চকোলেটটি কিনতে একরকম হুড়োহুড়ি পড়ে গিয়েছে। অনলাইনে প্রায় শেষ হয়ে গিয়েছে স্টক।
এখানে বলে রাখা ভালো, ‘মেলোডি’ চকোলেটের সঙ্গে পারলে ইন্ডাস্ট্রিজের কোনও সম্পর্ক নেই। ‘মেলোডি’র প্রস্তুতকারক সংস্থা পারলে প্রোডাক্টস। পারলে ইন্ডাস্ট্রিজ এবং পারলে প্রোডাক্টস দু’টি পৃথক সংস্থা। যদিও উভয়ই একই পারিবারিক ব্যবসা থেকে উদ্ভূত। দু’টি সংস্থা সম্পূর্ণ ভিন্ন খাতে তাদের কার্যক্রম পরিচালনা করে। পারলে প্রোডাক্টস শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়। ‘মেলোডি’ ছাড়াও এই সংস্থার তৈরি অন্যান্য জনপ্রিয় বিস্কুট বা চকোলেটগুলি হল পারলে-জি, মোনাকো, ক্র্যাকজ্যাক, ম্যাঙ্গো বাইট, পপিন্স ইত্যাদি। তবে মঙ্গলবার সকালে পারলে ইন্ডাস্ট্রিজের ইনট্রাট্রেড শেয়ার মূল্য ৫.২৫ টাকায় পৌঁছে যায়।
মোদির চকোলেট উপহারের ভিডিওটি ঝড়ের মতো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কোটি কোটি মানুষ ইতিমধ্যেই তা দেখে ফেলেছেন। বহুবার সেটি শেয়ারও হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইটালির প্রধানমন্ত্রী বলছেন, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” এরপরই দুই রাষ্ট্রনেতা হাসতে থাকেন। ভিডিওটি দেখে মুচকি হাসি দিয়ে নেটিজেনরা বলছেন, “খুব চকোলেটি।”
মোদির এবং মেলোনির সুসম্পর্ক ওয়াকিবহল মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সমাজমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। এবার ভারতের প্রধানমন্ত্রীর ইটালি সফরে দু’জনের নিজস্বী (সেলফি) দেখা গিয়েছে বিশ্বখ্যাত কলোসিয়ামের সামনে। পাশাপাশি, সমাজমাধ্যমে মেলোনি ‘মেলোডি’ পোস্ট করে লিখেছেন- ‘রোমে স্বাগত, আমার বন্ধু!’
