বাজেট অধিবেশনে বারবার অচল হয়েছে সংসদ। এই অচলাবস্থার কারণে দেশের করদাতাদের প্রায় ৫৭ কোটি টাকার ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত।
গত ২৮ জানুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, বাজেট অধিবেশনে লোকসভার কাজের সময় ছিল ৩০-৩৫ ঘণ্টা। তার মধ্যে ইতিমধ্যেই ২০-২৫ ঘণ্টা অচলাবস্থার মধ্যেই কেটেছে। এর জেরে ক্ষতি হয়েছে ৩০-৩৫ কোটি টাকা। অন্য দিকে, রাজ্যসভাতেও ১২-১৫ ঘণ্টা সময় নষ্ট হয়েছে অচলাবস্থার কারণে। যে কারণে ১৮-২২ কোটি টাকা ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৫৭ কোটি। এনডিটিভি-র হিসাব অনুযায়ী, প্রতি মিনিটে ক্ষতি হয়েছে আড়াই লক্ষ টাকা। প্রতি ঘণ্টায় দেড় কোটি। আর প্রত্যেক দিনের বিচারে ৯ কোটি টাকা।
প্রতিবেদনে সংবাদমাধ্যমের দাবি, সংসদের ভবনের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার খরচ, কর্মীদের বেতন এবং নিরাপত্তার জন্য ব্যয় ধরেই ক্ষতির হিসাব করা হয়। বাজেট অধিবেশনে যে ক্ষতির অঙ্কের কথা বলা হচ্ছে, তা অবশ্য গত বছরের হিসাবের ভিত্তিতে বলেই দাবি সংবাদমাধ্যমের।
প্রসঙ্গত, বিরোধীদের বিক্ষোভের জেরে শুক্রবারও মুলতুবি হয়ে গিয়েছে সংসদের দুই কক্ষ। এর পর আবার সোমবারে বসবে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। সভা মুলতুবির পরেও শুক্রবার সংসদ ভবনের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। কেন্দ্রের বিরুদ্ধে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করে দেশের কৃষকদের বিপন্ন করে তোলা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন তাঁরা। চলতি বাজেট অধিবেশনে ৬৫ দিনের মধ্যে ৩০ দিন সভা হওয়ার কথা। প্রথমার্ধ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিরতির পরে ৯ মার্চ আবার বসবে লোকাসভা ও রাজ্যসভার অধিবেশন। ২ এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।
