shono
Advertisement
TMC's rebel Camp

খাসতালুক দক্ষিণ কলকাতাও হাতছাড়া মমতার, 'বিদ্রোহী' শিবিরে মালা রায়-সায়নী ঘোষ! সংখ্যা কত দাঁড়াল?

বিদ্রোহীদের দলত্যাগ বিরোধী আইনে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। শোনা যাচ্ছে, তৃণমূলের অন্দরের এই বিরোধী ব্লককে খুব শীঘ্রই স্বীকৃতি দিতে পারেন স্পিকার।
Published By: Subhajit MandalPosted: 07:01 PM Jun 10, 2026Updated: 07:39 PM Jun 10, 2026

যত দিন যাচ্ছে সংসদে তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরে 'ভিড়' যেন ততই বাড়ছে। দিন দুই আগে তৃণমূল সাংসদদের একটা বড় অংশ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেন। শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারদের নেতৃত্বে সেদিনই তৈরি হয় 'বিদ্রোহী' ব্লক। সেই ব্লকে নাকি ভিড় ক্রমশ বাড়ছে। অন্তত বিদ্রোহীদের তেমনটাই দাবি।

Advertisement

কিন্তু প্রশ্নটা হল, ওই বিদ্রোহীদের সংখ্যাটা ঠিক কত? তারা আদৌ দলত্যাগ বিরোধী আইন এড়িয়ে যেতে পারবেন তো? বিদ্রোহী শিবিরের দাবি, তাঁদের হাতে সাংসদ সংখ্যা কুড়ির বেশি। সেদিন নাকি ১৬ জন তৃণমূল সাংসদ সেখানে উপস্থিত ছিলেন। আরও দু'জন সেদিনের বৈঠকে ভারচুয়ালি ছিলেন। তাঁরাও নাকি সই করেছেন ওই চিঠিতে। এর মধ্যে বিদ্রোহী শিবিরে সাংসদের সংখ্যাটা আরও বেড়েছে বলেই খবর।

মঙ্গলবারই দিল্লিতে উড়ে যান দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। যে দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক, মমতার রাজনৈতিক লড়াইয়ের অন্যতম পীঠস্থান সেখানে নিজের বিশ্বস্ত মালাকে টিকিট দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এমনকী কদিন আগে বিদ্রোহ রুখতে যে নতুন কমিটি মমতা গড়েছিলেন সেখানেও মালা রায়কে মহিলা তৃণমূলের সভানেত্রী করা হয়েছিল। সেই মালা রায়ই নাকি এবার বিদ্রোহী শিবিরে। তৃণমূলের বহিষ্কৃত মুখপাত্র ঋজু দত্ত সোশাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন। চমকের আরও বাকি আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে সেনাপতির মতো সম্মান দিয়েছিলেন। যাকে কদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যুব সভানেত্রীর পদে বহাল রাখার সিদ্ধান্ত নেন, সেই সায়নী ঘোষও নাকি ওই বিদ্রোহী শিবিরে সই করতে চলেছেন। অন্তত ঋজু দত্তর তেমনটাই দাবি। বিদ্রোহী ব্লকে নাম লেখাতে চলেছেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাও। সব মিলিয়ে সংখ্যাটা ২২-২৩ পর্যন্ত হতে পারে। তবে সরকারিভাবে এ পর্যন্ত সই করেছেন ১৯ জন। 

এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং মহুয়া মৈত্র ছাড়া আর কেউ রইলেন না। ফলে বিদ্রোহীদের দলত্যাগ বিরোধী আইনে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। শোনা যাচ্ছে, তৃণমূলের অন্দরের এই বিরোধী ব্লককে খুব শীঘ্রই স্বীকৃতি দিতে পারেন স্পিকার। দু'একদিনের মধ্যেই ওই ব্লককে স্বীকৃতি দিতে পারেন স্পিকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement