একসপ্তাহ আগে বিমান দুর্ঘটনায় প্রয়াত হন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার (Ajit Pawar)। এবার প্রকাশ্যে এল তাঁর শেষ ফোনের রেকর্ডিং। এনসিপির তরফে ওই অডিও ফাইল প্রকাশ করা হয়েছে। ৬৬ বছরের নেতার মৃত্যু হয়েছিল বারামতি পৌঁছনোর পথে!
দুর্ঘটনায় গুরুতর চোট লাগে অজিতের। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় এনসিপি নেতাকে। এবার জানা গেল, শেষবার ফোনে তিনি কথা বলেছিলেন দলের এক সদস্য শ্রীজিৎ পওয়ারের সঙ্গে। কথোপকথন ছিল এরকম:
অজিত- সমস্ত জাতি ও ধর্মকে আমাদের সঙ্গে করে চলতে হবে।
শ্রীজিৎ- না দাদা, আমি যা মনে করি সেটাই বলছিলাম আসলে।
অজিত- মালি সম্প্রদায়কে জেলা পরিষদে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়েছে। আমরা সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছি।
শ্রীজিৎ- হ্যাঁ দাদা, আপনি যা ভালো মনে করবেন করুন।
শ্রীজিৎ পওয়ার সকলকে জানিয়েছেন, ''এই অডিও কল রেকর্ডিংটি সবার নজরে আনা হল যাতে মহারাষ্ট্র জানতে পারে যে শেষ নিঃশ্বাস পর্যন্ত অজিত দাদার ভাবনাগুলো কী ছিল।'' পরে অজিত পওয়ার সম্পর্কে স্মৃতিচারণ করে তিনি জানান, ''অজিত দাদা আর আমি একই গ্রামের বাসিন্দা। আমি ওঁকে একটি বিষয়ে বার্তা পাঠিয়েছিলাম। উনি কথা বলছিলেন। পরে জানান, নেটওয়ার্কের সমস্যা মিটলেই যোগাযোগ করবেন।''
উল্লেখ্য, মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ পওয়ারের ভাইপো তথা উপমুখ্যমন্ত্রী ৬৬ বছর বয়সি অজিত পওয়ার। মন্ত্রিসভার বৈঠকের পরদিন বারামতিতে এক রাজনৈতিক কর্মসূচি ছিল তাঁর। সেই সভায় যোগ দিতেই বুধবার সকালে মুম্বই থেকে ব্যক্তিগত বিমানে চেপে বারামতির দিকে রওনা দেন। গন্তব্যের কাছে পৌঁছে গিয়েই সম্ভবত বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। জরুরি অবতরণ করতে গিয়েই বিমানটি ভয়ঙ্করভাবে আছড়ে পড়ে।
