সারা শরীরে ক্ষতচিহ্ন। পুড়েও গিয়েছে শরীরের অর্ধেকটা। এই অবস্থায় এক মহিলার নিথর দেহ মিলল জাতীয় সড়কের ধারে পড়ে থাকা একটি লাল সুটকেস থেকে। বুধবার পাঞ্জাবের ভাতিন্দা জেলার বেহমান দিওয়ানা গ্রামের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, চাষের জমিতে যাওয়ার সময়েই স্থানীয় কিছু লোকজন সুটকেসটি উদ্ধার করে। তাঁরাই খবর দেন পুলিশকে। এর পর পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের অনুমান, মৃতার বয়স বছর কুড়ির কাছাকাছি হবে। তাঁকে খুন করা হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
ডিএসপি হরবিন্দর সিং বলেন, "খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করি। ফরেনসিক দল এবং ডগ স্কোয়াডও এসেছে। তদন্ত শুরু হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে।" পুলিশকর্তা জানান, মৃতদেহের অবস্থা দেখে তাঁদের অনুমান, দেহ উদ্ধার হওয়ার কিছু সময় আগেই তরুণীকে খুন করা হয়েছিল। এখনও তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। আপাতত দেহটি মর্গে রাখা হচ্ছে, যাতে পরিবারের লোকেরা এসে দেহ চিহ্নিত করতে পারেন। দেহ চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হলে তার পরেই তা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
প্রসঙ্গত, গ্যাংস্টারদের দমনে পাঞ্জাব জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। অভিযানের নাম অপারেশন প্রহার। অন্তত ১২ হাজার পুলিশকর্মী এবং অফিসার এই অপারেশনের সঙ্গে যুক্ত। তরুণীও 'বাহুবলী'দের হাতেই খুন হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
