নিট প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভ (NEET Protest) মিছিলে রাষ্ট্র বিরোধী কার্যকলাপ! ভারতকে অশান্ত করার চেষ্টা টুকরে টুকরে গ্যাংয়ে। মিছিলে গুন্ডাগিরি, ইচ্ছাকৃতভাবে অশান্তি। এই সবের বিরুদ্ধে রাজপথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP Rally)। 'শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চে'র মিছিলে নামল এই ছাত্র সংগঠন।
আজ, মঙ্গলবার শিয়ালদহ, হাওড়া থেকে এবিভিপি ছাত্র সংগঠনের নেতারা ধর্মতলায় জড়ো হন। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে নামেন তাঁরা। তাঁদের অভিযোগ, ছাত্র আন্দোলনের নামে দেশ বিরোধী চক্রান্ত কাজ করছে। এই মিছিলে শুধু ছাত্ররা নয় পা মিলিয়েছেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও। তাঁদের মধ্যে একজন বলেন, "আগেও পেপার লিকের মতো কাণ্ড ঘটেছে। তবে আমরা তা সমর্থন করছি না। কিন্তু যেভাবে দেশকে অশান্ত করার চক্রান্ত করা তার বিরুদ্ধে মিছিল। দেশ বিরোধী শক্তির পতন হোক।"
নিট বিক্ষোভে অশান্তির প্রতিবাদে রাজপথে এবিভিপি। ছবি: অমিত মৌলিক।
উল্লেখ্য, নিটের প্রশ্নপত্র ফাঁসের পর দিল্লিতে বিক্ষোভ দেখায় ককরোচ জনতা পার্টি। তাঁদের সংসদ চলো অভিযানে ব্যাপক অশান্তি হয়। সেই আঁচ এসে পৌঁছয় কলকাতাতেও। ধর্মতলায় বিভিন্ন বাম সংগঠনের ডাকে মিছিলের ডাক দেওয়া হয়। সেই মিছিলে অশান্তি, সাংবাদিকদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় গুন্ডাদমন আইনে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ইচ্ছা করে গণ্ডগোল পাকানো হয়েছে। সেই ঘটনার তদন্ত চলছে। এবার সেই অশান্তি ও সাংবাদিকদের মারধরের ঘটনার প্রতিবাদে রাজপথে নামল এবিভিপি।
