নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বহু বছর পর বাংলাদেশের ক্ষমতায় আসছে খালেদা জিয়ার দল বিএনপি। ভাবী প্রধানমন্ত্রী খালেদাপুত্র তারেক রহমান। বৃহস্পতিবার পদ্মাপাড়ে ভোটের পর শুক্রবার সকালের দিকে ফলাফলে তা স্পষ্ট হতেই 'তারেকভাই'কে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে বাংলায় পোস্ট করে তিনি লিখলেন, 'বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।' পাশাপাশি তাঁর আশা, দুই বাংলার সুসম্পর্ক বজায় থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ৩০০ আসনের মধ্যে ২৯৯ টি আসনে ভোট হয়। শেরপুর আসনের প্রার্থীর মৃত্যুতে সেখানকার ভোট স্থগিত হয়েছিল। শুক্রবার ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। ঘোষণা হয়নি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল। নির্বাচন কমিশন জানিয়েছে, এই দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে।আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার করে নির্বাচন কমিশনার সচিব আখতার আহমেদ জানান, বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। জামাত ৭৭, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, স্বতন্ত্র প্রার্থী ৭ আসন।
নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার করে নির্বাচন কমিশনার সচিব আখতার আহমেদ জানান, বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। জামাত ৭৭, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, স্বতন্ত্র প্রার্থী ৭ আসন।
অর্থাৎ বিএনপি-র সরকার গঠন সময়ের অপেক্ষা। সেই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানালেন তারেক রহমানকে। এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি এও লিখেছেন, 'আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।' আসলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। একে অপরের 'দিদি-বোন' বলে সম্বোধন করতেন। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর হিন্দুদের উপর অত্যাচার বাড়তে থাকা নিয়ে প্রতিবাদ করলেও বেশ সাবধানী মন্তব্য শোনা গিয়েছিল মমতার গলায়। তবে বরাবরই দু'দেশের সুসম্পর্ক বজায় রাখার দিকে জোর দিয়েছিলেন। এবার বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ফের সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।
