shono
Advertisement

জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন পুনর্বিবেচনাই লক্ষ্য, বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে আরএসএস

বিজেপি যাতে দ্রুত রাজনৈতিক প্রস্তুতি শুরু করে সেই বার্তা দিতে বৈঠক।
Posted: 02:07 PM Oct 28, 2022Updated: 02:07 PM Oct 28, 2022

স্টাফ রিপোর্টার: সংঘ প্রধান মোহন ভাগবতের উত্থাপিত জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন পুনর্বিবেচনা নিয়ে রাজনৈতিক আন্দোলন শুরু করতে রাজ্য বিজেপি নেতৃত্বকে ‘বার্তা’ দিল আরএসএস।‌‌ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের ডেকে নাগপুরের এই বার্তার কথা সংঘের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক জলধর মাহাতো জানিয়ে দিয়েছেন বলে খবর। বিজয়া দশমীর ভাষণে সংঘ প্রধান মোহন ভাগবত যা বলেছেন, রাজনৈতিকভাবে তার প্রয়োগের জন্যই রাজ্য বিজেপির সঙ্গে বৈঠক কেশব ভবনের।‌‌

Advertisement

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি সূত্র জানাচ্ছে, প্রতি বছর বিজয়া দশমীর ভাষণে আগামী এক বছরের সংঘের কাজের অভিমুখ জানিয়ে দেন সংঘ প্রধান। চলতি বছর বিজয়া দশমীর ভাষণে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন প্রণোয়নের দাবি, দেশের জনসংখ্যা নীতির পুনর্বিবেচনা সহ একাধিক প্রসঙ্গে সরব হতে শোনা গিয়েছে তাঁকে। সংঘের নিয়মে, সংঘ প্রধানের ‘নির্দেশ’ মাথায় নিয়ে সংঘ পরিবারের সদস্য সংগঠনগুলি পথে নামবে, এটাই দস্তুর।

[আরও পড়ুন: পড়ুয়াদের মন বুঝতে রাজ্যের প্রত্যেক স্কুলে ‘আনন্দ পরিসর’, বসবে শিশু সংসদও]

সেই মতো বৃহস্পতিবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চত্রবর্তীর বাড়িতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের সঙ্গে বৈঠক সংঘের প্রান্ত কার্যবহ জলধর মাহাতো-সহ কেশব ভবনের শীর্ষস্থানীয় দায়িত্বপ্রাপ্তরা। জানানো হয় ‘নাগপুরের পাঠানো জরুরি বার্তা দিতেই এই অঘোষিত বৈঠক’।

বিজেপি সূত্রে খবর, সম্প্রতি প্রয়াগরাজে বৈঠক হয়েছে সংঘের সর্বভারতীয় নেতৃত্বের। সেই বৈঠকে মোহন ভাগবত বিজয়া দশমীর ভাষণে যা বলেছেন, তার রাজনৈতিক প্রয়োগ নিয়ে কথা হয়েছে। ভাগবতের বার্তার রাজনৈতিক প্রয়োগের প্রস্তুতি নিতে বার্তা দেওয়া হয়েছে বিজেপিকে, জানাচ্ছেন রাজ্য বিজেপির এক নেতা। জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন ছাড়াও সিএএ (CAA) রূপায়ণের বিষয়টিকেও সংঘ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে বিজেপি যাতে দ্রুত রাজনৈতিক প্রস্তুতি শুরু করে, সেই বার্তা দিতে এই বৈঠক, খবর বিজেপি সূত্রে।

[আরও পড়ুন: ভুল বোঝাবুঝির জেরে শুনানিতে পেশই করা গেল না পার্থকে! জেলের ভূমিকায় ক্ষুব্ধ আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement