shono
Advertisement

Breaking News

Bratya Basu

তৃণমূলের সঙ্গে জামাতের তুলনা বিজেপির! হেসে ব্রাত্য বললেন, 'মাদুরো অপহরণের পিছনেও কি আমরা?'

বাংলাদেশ ভোটের মাঝে বিক্ষিপ্ত অশান্তিতে বিজেপির অভিযোগ, তৃণমূলের কায়দায় জামাত সেখানে ভোট করাচ্ছে। তারই জবাব দিলেন ব্রাত্য বসু।
Published By: Sucheta SenguptaPosted: 03:47 PM Feb 12, 2026Updated: 04:39 PM Feb 12, 2026

বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে চলছে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh Election)। গোপালগঞ্জ, মুন্সিগঞ্জে ককটেল বোমা বিস্ফোরণ, দু-একজনের হতাহতের খবর ছাড়া উত্তেজনার খবর তেমন নেই। তবে জামাতের বিরুদ্ধে জোর করে বুথদখল, ব্যালট ছিনতাইয়ের মতো অভিযোগ উঠছে। বিভিন্ন বুথ থেকে বিএনপি ও অন্যান্য দলের এজেন্টদের ভয় দেখিয়ে বুথছাড়া করার অভিযোগও রয়েছে। আসলে বাংলাদেশের মসনদ দখল করতে জামাত-ই-ইসলামি এতটাই মরিয়া, যেনতেন প্রকারেণ সেই লক্ষ্য পূরণ চায় তারা। এটাই অভিযোগ খালেদা জিয়ার দলের। এই পরিস্থিতিতে বিজেপি জামাতের সঙ্গে তৃণমূলের তুলনা টেনেছে। তাদের খোঁচা, তৃণমূলের কায়দায় ভোট করাচ্ছে জামাত। বিজেপির এহেন অভিযোগ হেসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বললেন, ''তাহলে তো বলবে মাদুরো অপহরণের পিছনেও তৃণমূলের হাত রয়েছে।''

Advertisement

বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী - চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু। একাধিক বিষয় নিয়ে কথা বলেন তাঁরা। বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের খুন হওয়ার ঘটনা নিয়ে ফের সরব হয়েছেন দু'জন। সম্প্রতি পুণেতে বাংলায় কথা বলার জন্য খুন হতে হয়েছে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে। বুধবার তাঁর দেহ উদ্ধার হয়েছে। এনিয়ে বিজেপিকে কার্যত তুলোধোনা করে ব্রাত্যর বক্তব্য, ''বাংলা ও বাঙালির বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন। পরিযায়ী শ্রমিকদের মতো দরিদ্র, সমাজের পিছিয়ে থাকা আদিবাসী, তফসিলি জাতি-উপজাতি ভাইদের জীবেন দাম দেন না। এতে আপনাদের উচ্চমণ্যতা প্রকাশ্যে চলে আসছে। এসব কেন করছেন? কারণ একদিন বাংলা আপনাদের উপর রাজত্ব করেছে। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসুরা আপনাদের মাথার উপর ছিল। তাই আপনাদের এই বাংলা বিদ্বেষ।''

বাংলাদেশের ভোটচিত্র দেখে বিজেপির খোঁচা, তৃণমূলের কায়দায় ভোট করাচ্ছে জামাত। বিজেপির এহেন অভিযোগ হেসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, ''তাহলে তো বলবে মাদুরো অপহরণের পিছনেও তৃণমূলের হাত রয়েছে।''

সাংবাদিকরা এরপর তাঁকে বাংলাদেশের ভোটে বিক্ষিপ্ত হিংসা নিয়ে প্রশ্ন করেন। বিজেপি অভিযোগ তুলছে, তৃণমূলের কায়দায় সেখানে বুথদখল, ব্যালট ছিনতাই করে ভোট করাচ্ছে জামাত-ই-ইসলামি। এর উত্তরে হেসে ব্রাত্য বসু বলেন, ''অন্য দেশের বিষয়ে কিছু বলা উচিত না। কিন্তু বিজেপি যদি বাংলাদেশের জামাতের মধ্যেও তৃণমূলকে খুঁজে পায়, তাহলে তো দু'দিন পর বলবে, মাদুরো অপহরণের পিছনেও তৃণমূল রয়েছে।''

উল্লেখ্য, জানুয়ারি মাসে আচমকা ভেনেজুয়েলার শাসক নিকোলাস মাদুরোর বাড়ি থেকে সস্ত্রীক তুলে নিয়ে গিয়েছিল মার্কিন ডেল্টা ফোর্স। তাঁকে বন্দি করে ক্ষমতাচ্যুত করা হয় সে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে। ভেনেজুয়েলার উপর ট্রাম্প প্রশাসনের এই 'দাদাগিরি' যথেষ্ট আলোড়ন ফেলেছিল আন্তর্জাতিক মহলে। সেই ঘটনা প্রসঙ্গেই এদিন ব্রাত্য বসু বলতে চাইলেন, বিজেপি সমস্ত ঘটনায় তৃণমূলের 'ভূত' দেখছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement