ভাষা আর পরিচয়ের জন্যই বিজেপিশাসিত মহারাষ্ট্রের পুণেতে প্রাণ গেল পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক (Migrant Worker Death) সুখেন মাহাতোর! 'খুনে'র ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই হত্যাকাণ্ডে তিনি মর্মাহত ও একই সঙ্গে ক্ষুব্ধ বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরো বাংলা মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে আছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এক যুবককে তাঁর ভাষা, পরিচয়, শিকড়ের জন্য অত্যাচার করা হয়েছে। এবং শেষে হত্যা করা হয়েছে।' পরিবারের পাশে দাঁড়িয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও তুলেছেন তিনি। মমতা (Mamata Banerjee) লেখেন, 'আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সুখেনের পরিবারকে বলছি এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনাদের পাশে আছে।'
উল্লেখ্য, মহারাষ্ট্রের পুণেতে কাজ করতেন মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো (৩১)।
তাঁর বাড়ি পুরুলিয়ার জঙ্গলমহল বরাবাজারের তুমড়াশোলের বাঁধডিতে। পুরুলিয়ার ৭৮ নম্বর বুথের ভোটার তিনি। নিহত ওই পরিযায়ী শ্রমিক তাঁর দাদা তুলসিরাম মাহাতোর সঙ্গেই একই গাড়ির পার্টস তৈরির কোম্পানিতে কাজ করতেন। অভিযোগ, স্রেফ বাংলা ভাষায় কথা বলাতেই রাজ্যের পিছিয়ে পড়া কুড়মি জনজাতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে পুণেতে।
পুণের কোরেগাঁও ভিমার পাশে সনৎ বাড়ি এলাকায় ওই নিহত পরিযায়ী শ্রমিকের কর্মস্থল ছিল। মঙ্গলবার বিকাল ৩ টার শিফটে তার ডিউটি যান তিনি। সেখান থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় মহারাষ্ট্র পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুণের শিকারপুর থানার পুলিশ।
