মার্কিন বিনিয়োগ আসতে চলেছে রাজ্যে! বাংলায় বিনিয়োগ করতে পারে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলি। 'আচ্ছে দিন' আসতে চলেছে সিলিকন ভ্যালিতে। হাজার, হাজার কর্মসংস্থানের সম্ভাবনা। লাভবান হতে পারেন বহু পড়ুয়ারা। বেঙ্গল সিলিকন ভ্যালিকে বিশ্ব প্রযুক্তির বিনিয়োগের বাজারে তুলে ধরতে উদ্যোগী রাজ্য।
আমেরিকায় আগামী ৯, ১০ এবং ১১ এপ্রিল হবে কনফ্লুয়েন্স ২০২৭। সেখানে বেঙ্গল সিলিকন ভ্যালিতে বিভিন্ন সংস্থার লগ্নি টানতে উদ্যোগী হবে রাজ্য। এই বিষয়ে সোমবার কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত। তিনি জানান, "রাজ্যের বহু কৃতী মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন। তাদের মাধ্যমে আমরা বাংলায় লগ্নি আনতে এবং এখানকার পরিবেশ বান্ধব বার্তা দিতে চাই।”
কিন্তু কেন বাংলায় বিনিয়োগ করবে সংস্থাগুলি? বিশ্ববাজারে ভারতে তুলনামূলক অনেক খরচে শ্রমিক বা কর্মী পাওয়া সম্ভব। শিক্ষিত যুবক বা যুবতীর অভাব বাংলায় নেই। অনেকেই বাইরে চলে যান, সংস্থাগুলি বাংলায় বিনিয়োগ করলে তাঁরা স্বাভাবিকভাবেই নিজের রাজ্যেই থাকবেন। এ ছাড়াও বদলের বাংলায় শিল্পবান্ধব পরিবেশ তৈরি করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জমিনীতিতেও বদল আনা হয়েছে। বড় বিনিয়োগের ক্ষেত্রে কোনও লোকাল বডি নয়, সিঙ্গেল ইন্ডোর মাধ্যমে সরাসরি রাজ্য সরকার ছাড়পত্র দেবে।
কনফ্লুয়েন্স ২০২৭-এর উদ্যোক্তা রাহুল রায় জানান, বাংলায় তথ্যপ্রযুক্তিতে লগ্নির সম্ভাবনা প্রবল। তাই এই উদ্যোগ। আমেরিকায় যে সামিট হবে সেখানে বিভিন্ন প্রান্তের মানুষজন হাজির হবেন। বাংলার গুরুত্বপূর্ণ আধিকারিকরা থাকবেন এখানকার পরিস্থিতি বোঝাতে যাতে সকলে লগ্নি করতে স্বচ্ছন্দ বোধ করেন। শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া জানান, ওই সম্মেলনে বেঙ্গল সিলিকন ভ্যালিকে তুলে ধরা হবে। সেখানকার পরিকাঠামো ও রাজ্যের পরিবেশ এখন কত উন্নত তা বোঝাতে সক্ষম হলেই লগ্নি সহজে আসবে। সুব্রত গুপ্তের দাবি, শুধু তথ্যপ্রযুক্তি অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রেই লগ্নি নয়, অন্যান্য শিল্প ক্ষেত্রও নজরে থাকবে।
