গোলপার্কের পঞ্চাননতলায় বোমাবাজি কাণ্ডে (Golpark Firing) মূল অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নিয়েও অবিলম্বে গ্রেপ্তারের দাবি করলেন বিধায়ক তথা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। যোধপুর বয়েজ স্কুলের গেটে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা-শুভ কামনা জানানোর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের অনুষ্ঠানে দেবাশিস বলেন, ''আমার সঙ্গে ছবি থাকতেই পারে। কোনও অনুষ্ঠানে আমার পাশে দেখা যেতেই পারে। তার মানে কেউ যদি অভিযুক্ত হয় তাঁকে অবশ্যই আইন মেনে গ্রেপ্তার করতেই হবে। তাঁর শাস্তি দাবি করছি।''
সেই সময় সাংবাদিকরা দেবাশিস কুমারকে আবারও প্রশ্ন করেন, শাসকদলের ঘনিষ্ঠতা, আপনার ছত্রছায়ায় আছে বলেই অভিযুক্ত সোনা পাপ্পুকে পুলিশ এখন গ্রেপ্তার করেনি? এই প্রশ্নের উত্তরে বিধায়ক আরও বলেন, ''কেউ অপরাধ করলে, তিনি যেই হোক না কেন, পুলিশ প্রশাসন তাঁকে গ্রেপ্তার করবে। এটাই নিয়ম। আমিও তাঁর গ্রেপ্তারি চাইছি। আমার সঙ্গে একাধিক অনুষ্ঠানের ছবি থাকতেই পারে, কারণ আমি জনপ্রতিনিধি। প্রধানমন্ত্রীর সঙ্গে তো নীরব মোদি, মেহুল চোকসির ছবি আছে। তাঁর মানে কি নীরব মোদি যে অভিযোগে অভিযুক্ত প্রধানমন্ত্রীকেও সেই অপরাধে দায়ী করব? জনপ্রতিনিধিদের সঙ্গে যে কারোর ছবি থাকতেই পারে। কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের।''
বলে রাখা প্রয়োজন, দুই গোষ্ঠীর সংঘর্ষে রবিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে গোলপার্কের পঞ্চাননতলা। ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। ইতিমধ্যে রবীন্দ্র সরবোর থানার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় নাম জড়ায় কসবা এলাকার অন্যতম 'ত্রাস' সোনা পাপ্পুর। স্থানীয় পঞ্চাননতলার বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত এই সোনা পাপ্পুর সঙ্গে বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এমনকী মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়ের সঙ্গে সোনা পাপ্পুর 'সখ্যতা' রয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন এই এলাকার কাউন্সিলর ছিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁর স্ত্রী চৈতালি চট্টোপাধ্যায় এলাকার কাউন্সিলর। সেই এলাকায় এমন বোমাবাজি এবং গুলির ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় মানুষজন।
যোধপুর বয়েজ স্কুলের গেটে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা-শুভ কামনা জানানোর অনুষ্ঠানে দেবাশিস কুমার।
তাঁদের আরও অভিযোগ, বিধায়ক এবং শাসকদলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সোনা পাপ্পুর এত বাড়বাড়ন্ত। গোটা এলাকাজুড়ে সিন্ডিকেট, মাফিয়ারাজ চলছে। ফলে এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে কসবা-ঢাকুরিয়া এলাকার তৃণমূল শিবির। বলে রাখা প্রয়োজন, এদিন স্থানীয় কাউন্সিলর মৌসুমি দাসের আয়োজনে যোধপুর বয়েজ স্কুলের গেটে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা-শুভ কামনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। সেখানেই গোলপার্কের ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।
