shono
Advertisement
Rahul Gandhi

'মহিলাদের পাশে থাকলে ভিক্টরকে সাসপেন্ড করুন', দিল্লিতে গিয়ে রাহুলকে চিঠি কংগ্রেস নেতার স্ত্রীয়ের

শুধু চিঠি দেওয়া নয়, দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরের বাইরে দুই ছেলেকে নিয়ে পোস্টার হাতে ধরনা দিতেও দেখা যায় প্রিয়াঞ্জলিকে।
Published By: Kousik SinhaPosted: 02:33 PM Mar 18, 2026Updated: 03:57 PM Mar 18, 2026

প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলি ইমরান রামজ ভিক্টরের বহিষ্কার চেয়ে এবার রাহুল গান্ধীর দ্বারস্থ স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী। প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক রামজান আলির ছেলে আলি ইমরান রামজ ভিক্টর। দীর্ঘদিন উত্তর দিনাজপুরের গোয়ালপোখোর এবং চাকুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়কও ছিলেন তিনি। যদিও পরে কংগ্রেসে যোগ দেন ভিক্টর। বেশ কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন প্রিয়াঞ্জলি। শুধু তাই নয়, ‘মানি লন্ডারিং’-এর মতো গুরুতর অভিযোগও আনেন তিনি। দায়ের হয় এফআইআর। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে যায়। ভোটের মুখে এবার ভিক্টরের বহিষ্কার চেয়ে দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে দরবার প্রিয়াঞ্জলির। শুধু তাই নয়, এই বিষয়ে রাহুল গান্ধীকে চিঠিও দিয়েছেন তিনি। জানা যাচ্ছে, আজ বুধবার বিকেলেই দিল্লিতে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার এবং গোলাম মিরের সঙ্গে এই বিষয়ে বৈঠক করবেন প্রিয়াঞ্জলি। 

Advertisement

প্রিয়াঞ্জলি বলেন, ''দুই ছেলেকে নিয়ে আমি দিল্লিতে এসেছি। আগেও কলকাতায় এই বিষয়ে প্রদেশ কংগ্রেস দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি। বাধ্য হয়েই দিল্লিতে এসেছি।'' তাঁর দাবি, ''যে সমস্ত অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার বিচার চেয়েই রাহুল গান্ধীকে চিঠি দিয়েছি।'' শুধু চিঠি দেওয়া নয়, দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরের বাইরে দুই ছেলেকে নিয়ে পোস্টার হাতে ধরনা দিতেও দেখা যায় প্রিয়াঞ্জলিকে। একটি পোস্টার লেখা, 'রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কংগ্রেসের মর্যাদা রক্ষায় ভিক্টর বহিষ্কার করুন।' আরও একটি পোস্টারে লেখা, 'যদি কংগ্রেস সত্যিই মহিলাদের পাশে থাকে, তাহলে তা প্রমাণ করুন। অবিলম্বে ভিক্টরকে সাসপেন্ড করুন।'

দিল্লিতে কংগ্রেস দপ্তরে ধরনায় কংগ্রেস নেতার স্ত্রী।

বলে রাখা প্রয়োজন, গত মাসেই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলি ইমরান রামজ ভিক্টরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন প্রিয়াঞ্জলি নিয়োগী। তাঁর কথায়, ভিক্টরের সঙ্গে প্রেম বিবাহ হলেও ধীরে ধীরে তাঁর ‘বদমেজাজি চরিত্র’ সামনে আসতে থাকে। এই বিষয়ে প্রিয়াঞ্জলি জানান, “২০১০ সালে বাড়ির অমতে প্রেম করে আমাদের বিয়ে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি ব্যক্তিগতভাবে খুব খারাপ মানুষ ভিক্টর। প্রথম সন্তান ধারণের দেড় মাসের মাথায় সামান্য ঝগড়া, কথা কাটাকাটি থেকে পেটে ঘুষি মারে। সন্তান নষ্ট হয়। ধীরে ধীরে পণের জন্য চাপ, সামান্য কথায় ঝগড়া, মারধর বাড়তে থাকে। দু’বার হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে।” শুধু তাই নয়, ঘরে বেঁধে রেখে চাপ দিয়ে দুটি ফ্ল্যাট ভিক্টর নিজের নামে লিখিয়ে নেন বলেও অভিযোগ জানান প্রিয়াঞ্জলি।

এখানেই শেষ নয়, ভোটের কারণে তাঁকে জোর করে ধর্মান্তর করানো হয় বলেও বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। প্রিয়াঞ্জলির অভিযোগ, তাঁদের রেজিস্ট্রি ম‌্যারেজ হলেও গোয়ালপোখোর, চাকুলিয়ার মানুষ ‘নিকাহ’ না হলে তাঁদের এই বিয়ে মানবেন না। আর তার প্রভাব ভোটব‌্যাঙ্কে পড়বে বলে তাঁর ধর্মান্তর করিয়ে ইসলাম মতে বিয়ে করতে বাধ্য করেন ভিক্টর। শুধু তাই নয়, মারধরের একটি সিসিটিভিও প্রকাশ্যে আনেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে ভিক্টর সেই সময়েই জানান, “তিন বছর আগে আমাদের সেপারেশন হয়ে গেছে। আমি ডিভোর্স চাইনি। কিন্তু উনি ডিভোর্সের মামলা করেছেন। তিন বছর আগে সেপারেশন হয়ে যাওয়ার পর এতদিন কিছু না জানিয়ে এখন নির্বাচনের মুখে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য আমার ইমেজকে নষ্ট করা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement