ক্রিকেটের ময়দান থেকে ভোটের (WB Assembly Election 2026) ময়দানে। মনোনয়ন জমা দেওয়ার আগেও ‘হার্ডল’ পেরতে হয়েছে শিবশংকর পালকে (Shibsankar Paul)। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশংকর। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় তাঁর এবং তাঁর স্ত্রীর সম্পত্তির বিস্তারিত হিসাব সামনে এসেছে। কত সম্পত্তির মালিক প্রাক্তন এই ক্রিকেটার? হাতে রয়েছে কত টাকা?
হলফনামা অনুযায়ী, শিবশংকর পালের অস্থাবর সম্পত্তির মধ্যে হাতে নগদ রয়েছে ৫২ হাজার ১৫৪ টাকা। ব্যাঙ্ক ও বিভিন্ন বিনিয়োগে জমা রয়েছে ২১ লক্ষ ৬২ হাজার ৮০৭ টাকা। এছাড়া তাঁর নামে রয়েছে তিনটি গাড়ি। যার মোট মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। গয়না হিসাবে রয়েছে ১০ গ্রাম সোনা। যার মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮ লক্ষ ৬৪ হাজার ৯৬৪ টাকা।
স্থাবর সম্পত্তির ক্ষেত্রে তাঁর নামে কোনও জমি না থাকলেও রয়েছে একটি বাণিজ্যিক ভবন এবং দু'টি বাড়ি। এই সম্পত্তিগুলির মোট মূল্য ১ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৪৫০ টাকা। তবে শিবশংকরের নামে ঋণ রয়েছে ১৮ লক্ষ ৬১ হাজার ৯৭৭ টাকা। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি বা অন্য কোনও মামলা নেই। ২০১৬ সালে ক্রিকেটকে বিদায় জানান শিবশংকর। বর্তমানে বাঘাযতীনে রয়েছে তাঁর ক্রিকেট অ্যাকাডেমি। বর্তমানে তিনি বোলিং কোচ হিসাবে বাংলা দলের সঙ্গে যুক্ত রয়েছেন। সদ্যসমাপ্ত রনজি ট্রফিতে তিনি কোচিং করিয়েছেন মহম্মদ শামি-আকাশ দীপদের।
শিবশংকরের স্ত্রী দেবিশ্রী বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির মধ্যে হাতে নগদ রয়েছে ৪৫ হাজার ১২০ টাকা। ব্যাঙ্ক ও বিমায় বিনিয়োগ রয়েছে ৬ লক্ষ ৮৫ হাজার ৭০৬ টাকা। তাঁর নামে কোনও গাড়ি নেই। তবে ৩৫ গ্রাম সোনার গয়না রয়েছে, যার মূল্য প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকা। সব মিলিয়ে দেবিশ্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১২ লক্ষ ৫৫ হাজার ৮২৬ টাকা। স্ত্রীর স্থাবর সম্পত্তির মধ্যে কোনও জমি নেই। তবে একটি বাড়ি রয়েছে। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ২ হাজার ৫০০ টাকা। তাঁর নামে ঋণ ৬৮ লক্ষ ৯১ হাজার ৭৭১ টাকা। সব মিলিয়ে নির্বাচনের আগে প্রার্থীর আর্থিক অবস্থার এই চিত্র স্বাভাবিকভাবেই ভোটারদের নজর কেড়েছে। ২০২১ সালে তুফানগঞ্জ কেন্দ্রে জিততে পারেননি তৃণমূল প্রার্থী। এবার সেখানে লড়বেন শিবশংকর।
ওই আসনে ভারতীয় জনতা পার্টির টিকিটে লড়ছেন মালতী রাভা রায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনিই ছিলেন বিজেপির প্রার্থী। জয়ও পেয়েছিলেন। এবার তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ময়দানে নেমেছেন শিবশংকর। তুফানগঞ্জ দীর্ঘদিন ধরেই বিজেপির ‘শক্ত ঘাঁটি’ হিসাবে পরিচিত। সেই জমিতে ‘পদ্ম’ সরিয়ে ‘ঘাসফুল’ ফোটাতে মরিয়া তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, লড়াইটা সহজ নয়। তবে সব প্রতিকূলতার মধ্যেও আশাবাদী শিবশঙ্কর। অনেকেরই ধারণা, আসন্ন নির্বাচনে তিনি প্রতিপক্ষকে জোরদার চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ম্যাকো (শিবশংকরের ডাকনাম)। উল্লেখ্য, ৪৫ বছর বয়সি শিবশংকর ১৯৯৮ সালে মাধ্যমিক পাশ করেছিলেন। তার পরেই ক্রিকেটের টানে ময়দানে নামেন তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী।
