পুরোদস্তুর কংগ্রেসি পরিবার। মা রাজনীতিতে বেশি সক্রিয় ছিলেন। সেই থেকেই তাঁর রাজনীতিতে আসা। ছিলেন হাত শিবিরেই। কিন্তু টিকে থাকার লড়াইয়ে শিবির বদল। নাম লেখান পদ্ম শিবিরে। মাঠে-ময়দানে নেমেছেন। 'দলবদলু' তকমা ঝেড়ে ফেলে তিনি এখন পুরোদস্তুর গেরুয়া!
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের 'প্রতিজ্ঞা'য় নেড়া হয়েছেন। জানিয়েছেন, তৃণমূল ক্ষমতা থেকে সরলে তবেই তাঁর প্রতিজ্ঞা পূরণ হবে। তৃণমূলের কটাক্ষ, সেই স্বপ্ন-স্বপ্নই থেকেই যাবে। হ্যাঁ! ঠিকই ধরেছেন এত কথা কৌস্তভ বাগচীকে (Koustav Bagchi) নিয়েই। হলফনামায় কত সম্পত্তি দেখিয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ। তাঁর স্ত্রীরই বা কত সম্পত্তি?
পেশায় আইনজীবী কৌস্তভ হলফনামায় জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ৩০ হাজার টাকা। ব্যাঙ্ক ও বিমায় বিনিয়োগ ৬০ লক্ষ ৪৮ হাজার ৬১৯ টাকা। একটি গাড়ি রয়েছে তাঁর। মাহিন্দ্রা এক্সইউভি ৭০০। দাম ২৩ লক্ষ ৪০ হাজার ১১০। ৭৩ হাজার ৫৩০টাকা মূল্যের ৫ গ্রাম সোনা রয়েছে। আছে ২২ গ্রাম রুপো। যার দাম ৬ হাজার ৬৫০। মোট অস্থাবর সম্পত্তি ৮৪ লক্ষ ৯৮ হাজার ৯০৯ টাকা।
কৌস্তভের নামে রয়েছে ১২টি মামলা। তার মধ্যে একটি আবার যৌন হেনস্তার। বড়তলা থানায় ২০২৩ সালে তাঁর নামে এই মামলা দায়ের হয়েছে। ভারতীয় সংবিধানের আইপিসি আইনের ১২০ বি, ১৫৩, ৫০৪-সহ একাধিক ধারায় মামলা হয়েছে (সেই সময় আইপিসি ছিল, বিএনএস চালু হয়নি)। মিথ্যা তথ্য দিয়ে বিবৃতি দেওয়া নিয়েও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অন্যদিকে কৌস্তভের স্ত্রী প্রীতি কর বাগচীর হাতে নগদ রয়েছে ৫ হাজার। তাঁর ব্যাঙ্কে রয়েছে ২৯ হাজার ৬১৪ টাকা। প্রীতির সোনা রয়েছে ৫০ গ্রাম। দাম ৬ লক্ষ ৮৫ হাজার ২৫০ টাকা। মোট অস্থাবর মোট ৭ লক্ষ ১৯ হাজার ৮৬৪ টাকা। স্ত্রীর স্থাবর সম্পত্তি নেই। কৌস্তভের লড়াই সিনেমা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। গত বিধানসভায় বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। এ দিকে ভূমিপুত্র কৌস্তভ জয় নিয়ে আশাবাদী। তবে ফল জানতে অপেক্ষা করতে হবে ৪ মে অবধি।
