প্রথম দফার পর ফের রাজপথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৪ এপ্রিল শুক্রবার যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদ ও জনসংযোগে রাস্তায় নামতে চলেছেন মমতা।
জানা গিয়েছে, ২৪ তারিখ যাদবপুরের সুলেখা মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করবেন তৃণমূলনেত্রী। এখনও পর্যন্ত এটাই খবর। তবে লাস্ট পয়েন্ট অর্থাৎ মিছিল শেষের জাগয়া পরিবর্তন হতে পারে। পদযাত্রায় উপস্থিত থাকবেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব। থাকবেন কলকাতার বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরাও। উল্লেখ্য, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে।
এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিচারাধীন থাকার পর বাদ গিয়েছে ২৭ লক্ষ ভোটারের নাম। ছাব্বিশের নির্বাচনে (West Bengal Assembly Election) তাঁরা ভোট দিতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে প্রতিবাদে কলকাতার রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা।
আজ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলা, পরে হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আইপ্যাকের কর্তা বিনেশের চাণ্ডেলকে গ্রেপ্তারর পর তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেপ্তার করা হবে। আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। বিজেপির অঙ্গুলিহনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ভোটের (West Bengal Assembly Election) আগে এই কাজ করছে বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের মত, সেই সব কিছুর প্রতিবাদ ও জনসংযোগে আরও একবার রাজপথে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
