দ্বিতীয় দফার রাজনৈতিক প্রচার তুঙ্গে। সব দলের রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে বিভিন্ন জায়গায়। এর মধ্যেই রাজনৈতিক সৌজন্য দেখল বনগাঁ। অসুস্থ বিজেপি প্রার্থীকে হাসপাতালে দেখতে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আজ, শনিভার সকালে এমনই সৌজন্যের ছবি দেখল উত্তর ২৪ পরগনার বনগাঁ।
জানা গিয়েছে, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া। শরীর খারাপের কারণে গতকাল, শুক্রবার রাতেই প্রচার থেকে ফিরে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আজ, শনিবার সকালে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। প্রচারের সময়ই তিনি অশোক কীর্তনীয়ার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, একথা জানতে পারেন বিশ্বজিৎ দাস। এরপরই প্রচার ফেলে রেখেই হাসপাতালে পৌঁছে যান তৃণমূল প্রার্থী।
জানা গিয়েছে, হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি রয়েছেন বিজেপি প্রার্থী৷ তৃণমূল প্রার্থী সেখানে পৌঁছে গিয়ে অশোক কীর্তনীয়ার সঙ্গে দেখা করেন। দু'জনের মধ্যে কিছু সময় কথাও হয়। দ্রুত বিজেপি প্রার্থী সুস্থতা কামনা করেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে বিশ্বজিৎ দাস বলেন, "এটা রাজনৈতিক সৌজন্য। উনি আমার প্রতিপক্ষ, সেটা রাজনীতির ময়দানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ হাসপাতালে হাই ডিপেন্ডেন্সি ইউনিট তৈরি করেছিলেন। বহু মানুষ সেখানে ভর্তি হন উপকৃত হন। অশোকবাবু সেখানে থেকে সুস্থ হলেন। চিকিৎসক বললেন, উনি অনেকটাই ভালো আছেন।"
বনগাঁ হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বারুই বলেন, "যে যে দলের রাজনীতি করুক না কেন, অসুস্থ হয়ে আসলে আমাদের রোগী তাদের চিকিৎসা করাই আমাদের কাজ। অশোকবাবু এখন অনেকটাই সুস্থ আছেন৷" এ বিষয়ে বিজেপি নেতা দীপ্তেন্দু বিকাশ বৈরাগী বলেন, "বিশ্বজিৎ দাস রাজনৈতিক সৌজন্য দেখাতে এসেছেন, আসতেই পারেন। কিন্তু এর পিছনে যদি কোনও রাজনৈতিক অভিসন্ধি থাকে, তাতে কোনও লাভ হবে না। বনগাঁর মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার আগে নিয়ে ফেলেছেন।"
