অভয়া কাণ্ডে তদন্তে নেমে চব্বিশ ঘণ্টার মধ্যে দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই ঘটনার তদন্তভার নেয়। তবে সঞ্জয় ছাড়া এই ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়নি কেউ। তাতে বিরক্ত অভয়ার বাবা-মা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে সুরও চড়ান সন্তানহারা অভিভাবকরা। সেই অভয়ার মা-ই আজ বিজেপির পানিহাটির প্রার্থী (Panihati BJP Candidate)। ঠিক কী কারণে রাজনৈতিক দলের প্রার্থী হতে হলেন অভয়ার মা, স্বাভাবিকভাবেই সে প্রশ্ন তুলছেন অনেকেই। প্রার্থী হতেই অভয়ার মাকে কটাক্ষ করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কুণাল ঘোষ বলেন, "আপনারা যেটা করলেন যাদের ফাঁদে পা দিলেন এটা সম্পূর্ণ দ্বিচারিতা। অভয়ার মৃত্যুর প্রতিবাদী আমরাও। কিন্তু আমরা কুৎসা বিকৃত বিরোধিতার প্রতিবাদ করেছি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কলকাতা পুলিশ ২৪ ঘণ্টায় দোষীকে ধরেছিল। আপনারা বলেছিলেন সিবিআই। হাই কোর্ট দিয়েছিল। সেই সিবিআইয়ের তদন্তে দেখা গিয়েছে কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেটাই ঠিক। ভুলে যাবেন না তদন্ত তিনটি আদালত দেখেছে। আপনারা বলেছেন সিবিআই বিচার দেয়নি। সিবিআই কাদের? সিবিআই বিজেপির। আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এক মিনিট সময় দেয়নি আপনাদের। উপেক্ষা, অপমান করেছে। আর আপনারা এখন সেই বিজেপির প্রার্থী। আপনাদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এটা দ্বিচারিতা।"
অভয়ার মা রত্না দেবনাথের দাবি, মেয়ের সঙ্গে ঘটা অবিচারের ন্যায় বিচারের আশায় বিজেপি প্রার্থী হিসাবে বিধানসভা নির্বাচনে লড়াই। এই প্রসঙ্গে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্ন, "মেয়ের প্রতি ন্যায়বিচার চাইতে বিজেপি? উন্নাও, হাথরস, প্রয়াগরাজ, গুজরাটে বিলকিসের ধর্ষকদের মালা পরিয়ে নিয়ে গিয়েছে। ভারতের সোনার মেয়েদের শ্লীলতাহানি করা ব্রিজভূষণ বিজেপি সাংসদ। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে থাকেন। মণিপুর, ওড়িশা থেকে দিল্লিতে একের পর এক নারী নির্যাতন। সেই বিজেপিতে গিয়ে আপনারা ন্যায়বিচারের কথা বলবেন? আপনারা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করছেন।" তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, "তৃণমূল মনে করে অভয়া কাণ্ডে কলকাতা পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে দোষীদের ধরেছে। আমরা শুধু রাম-বামেদের কুৎসিত প্রচারের বিরোধিতা করেছি।"
কুণালের আরও সংযোজন, "আপনারা কখন, কী বলেন? একটা মেয়ে ওইভাবে মারা গেল। রাজ্য পুলিশের হাতে থাকা বিচ্ছিন্ন ঘটনাগুলির ব্যবস্থা নেয়। আপনারাই বললেন সিবিআই ব্যর্থ। কোন অঙ্কে, কীসের জন্য, কী সেই নেপথ্য কাহিনি, কেন বিজেপি প্রার্থী হতে গেলেন - সে প্রশ্ন কিন্তু উঠবেই। মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতিটাই করে ফেললেন নিজেরাই। আপনাদের অবস্থানের পরিবর্তন বেশ কিছু প্রশ্ন তুলে দিয়ে গেল। যে প্রশ্ন থেকে আপনারা বেরতে পারবেন না।" রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, আর জি কর আবেগকে কাজে লাগিয়ে পানিহাটি আসনে জয় নিশ্চিত করতে চাইছে বিজেপি। সে কারণেই প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে অভয়ার মা-কে।
