shono
Advertisement

'টিকিটের জন্য পাঁচ কোটি চেয়েছিল', বিস্ফোরক দাবিতে তৃণমূল ছাড়ার ঘোষণা মনোজ তিওয়ারির

তৃণমূলের হার নিশ্চিত হতেই বিভিন্ন মহল থেকে ক্ষোভপ্রকাশের বন্যা শুরু হয়েছে। এবার সেই তালিকায় এবার জুড়ল মনোজ তিওয়ারির নাম।
Published By: Subhajit MandalPosted: 06:36 PM May 05, 2026Updated: 06:36 PM May 05, 2026

মাত্র ২৪ ঘণ্টা আগে ভোটের ফল বেরিয়েছে। তৃণমূলের হার নিশ্চিত হতেই বিভিন্ন মহল থেকে ক্ষোভপ্রকাশের বন্যা শুরু হয়েছে বিদায়ী সরকারের বিরুদ্ধে। একের পর এক অভিযোগ উঠছে বিদায়ী শাসকদল তৃণমূলের বিরুদ্ধেও। এবার সেই তালিকায় এবার জুড়ল মনোজ তিওয়ারির নাম। রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি ঘোষণা করে দিলেন, তিনি তৃণমূল ছাড়ছেন।

Advertisement

রাজ্যে তৃণমূল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রার্থী তালিকায় প্রতিবারই চমক থাকে। বিনোদুনিয়া এবং খেলার দুনিয়া দুই ক্ষেত্র থেকেই প্রার্থী তালিকায় প্রতিবার কোনও না কোনও নতুন মুখ উঠে আসেন। যেমনটা একুশের ভোটে উঠে এসেছিল মনোজ তিওয়ারির নাম। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে তাঁকে টিকিট দিয়েছিলেন তাই নয়, ভোটের পর তাঁকে রাজ্যের মন্ত্রীও করেন। কিন্তু সেই মনোজকে এবার আর টিকিট দেয়নি তৃণমূল। প্রার্থী হতে না পেরে আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার দল হারায় রীতিমতো বিস্ফোরণ ঘটালেন।

মনোজের দাবি, রাজ্যের নির্বাচনী ফলাফলে তিনি একেবারেই অবাক হননি। তাঁর কথায়, "গোটা দল যখন আদ্যপান্ত দুর্নীতি জড়িয়ে পড়ে, কোনও উন্নয়ন না করে দুর্নীতির রাজনীতি করে তখন এই ধরনের ফলাফল হয়ই।" মনোজের অভিযোগ, "তৃণমূল বিরাট টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে। অন্তত ৭০-৭২ জন ৫ কোটি টাকা করে দিয়ে টিকিট কিনেছেন।"

প্রাক্তন মন্ত্রীর দাবি, তাঁকেও পাঁচ কোটির বিনিময়ে টিকিট কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন। কটাক্ষের সুরে মনোজের অভিযোগ, "আমাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি গ্রহণ করিনি। শুধু জানতে চাই যারা টাকা দিয়ে টিকিট কিনেছিল, তাদের মধ্যে কতজন জিতেছেন।" এরপরই তাঁর ঘোষণা, "আমার স্পষ্ট কথা। আমার জন্য তৃণমূলের অধ্যায় শেষ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement