পড়াতে গিয়ে ছাত্রীর প্রেমে হাবুডুবু শিক্ষক। হামেশাই এমনটা ঘটে থাকে। কিন্তু ছাত্রীকে প্রেম নিবেদন করে জুতোপেটা খাচ্ছেন শিক্ষক! এমনই অদ্ভূত ঘটনা ঘটে গেল বেঙ্গালুরুর এক মেডিক্যাল কলেজে। ক্লাস চলাকালীন ছাত্রীকে প্রেম নিবেদন করে বসলেন এক অধ্যাপক। কিন্তু সেই অভিজ্ঞতা মোটেই সুখকর হল না তাঁর। পছন্দের ছাত্রী এবং অন্যান্যদের কাছে বেধড়ক জুতোপেটা খেলেন। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে কিছুটা দূরের এক মেডিক্যাল কলেজে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাস চলাকালীন পোডিয়ামে দাঁড়িয়ে পড়াচ্ছেন অধ্যাপক। আচমকাই তিনি বলে বসেন, "আমাদের ব্যাচের সেরা ছাত্রীদের মধ্যে একজনকে আমি প্রেম নিবেদন করতে চাই।" কিন্তু ওই ছাত্রীর নাম বলার আগেই রেগে ওঠেন এক ছাত্রী। গোটা ক্লাসের সামনেই দু'জনের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া। কথোপকথন চলাকালীন অধ্যাপক দাবি করেন, ওই ছাত্রীই তাঁকে প্রেম নিবেদন করেছিল।
গোটা ক্লাসের সামনে সেই অভিযোগ অস্বীকার করেন ওই ছাত্রী। স্পষ্ট জানিয়ে দেন, অধ্যাপককে মোটেও 'আই লাভ ইউ' বলেননি তিনি। কলেজের প্রিন্সিপালের কাছে গিয়েও এই নিয়ে কথা বলবেন বলে জানিয়ে দেন। ক্লাসরুমে পরিস্থিতি কোনওমতে নিয়ন্ত্রণে আসে। কিন্তু ওই অধ্যাপক বেরিয়ে গাড়িতে উঠতে যেতেই ওই ছাত্রী এবং তাঁর সহপাঠীরা ছুটে আসেন। চটি-জুতো দিয়ে এলোপাথাড়ি মারধর করেন অধ্যাপককে। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পরিস্থিতি সামাল দিতে কলেজ ক্যাম্পাসে পুলিশও ডাকতে হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই অধ্যাপকের বয়স প্রায় ৫০এর কাছাকাছি। অন্যদিকে ছাত্রীর বয়স ১৯। প্রেম নিবেদনের পর ছাত্রীর হাতে চকোলেট তুলে দেবেন, এমন পরিকল্পনাও ছিল অধ্যাপকের। কিন্তু শেষ পর্যন্ত প্রেম নিবেদন করে কপালে জুটল পছন্দের মানুষের জুতোপেটা। তবে অধ্যাপক বা ছাত্রী কেউই পুলিশে অভিযোগ দায়ের করেননি। তাঁদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষও কোনও পদক্ষেপ করেনি।
