shono
Advertisement
Offbeat News

পানশালায় গেলেই মিলবে কেরিয়ার টিপস, সঙ্গে মদ ফ্রি! কে দিচ্ছে সোনায় সোহাগা অফার?

শোতা উমেমোতো নামে এক জাপানি স্বদেশে কেরিয়ার সংক্রান্ত সমস্যার সুরাহায় খুলে ফেলেছেন একটি আস্ত পানশালা!
Published By: Sucheta SenguptaPosted: 03:50 PM Feb 04, 2026Updated: 03:54 PM Feb 04, 2026

কেরিয়ার নিয়ে মাথাব্যথা কারই বা নেই? বিশেষ করে যারা পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করছেন, তাঁরা ঠিক কোন পথে পা বাড়াবেন, তার জন্য হাজার পরামর্শ গ্রহণ করেন। এছাড়া যাঁরা চাকরিজীবনে প্রতিষ্ঠিত, তাঁরাও নানাভাবে কেরিয়ার নিয়ে জানতে চান। মাঝপথে অন্য কোনও পেশায় যাওয়া যায় কিনা, গেলে সাফল্যের সুযোগ কতটা, কেমন আয় করা যাবে - এমনই বহু প্রশ্ন থাকে। অনেকে প্রয়োজনমতো পরামর্শ পান না। তাই এসব সমস্যার সমাধানে অন্যভাবে ভেবেছেন শোতা উমেমোতো। ভাবছেন তো, এ আবার কেমন নাম? আসলে ইনি একজন জাপানি। স্বদেশে কেরিয়ার সংক্রান্ত সমস্যার সুরাহায় খুলে ফেলেছেন একটি আস্ত পানশালা! সেখানে গেলে কেরিয়ার টিপস তো বটেই, সঙ্গে মিলছে বিনামূল্যে মদও। মদ্যপান করতে করতেই নিজের কেরিয়ার বেশ গুছিয়ে নেওয়ার এক সুবর্ণ সুযোগ।

Advertisement

শোতার পানশালার নাম 'তেনশোকু সোদান বার'। বাংলা তর্জমা করলে কমবেশি দাঁড়াচ্ছে, কর্ম পরিবর্তন সংক্রান্ত আলোচনার জন্য পানশালা। ইংরাজিতে Job Change Consultation Bar. এমন এক সাধু উদ্দেশ্য নিয়ে পানশালা খোলার নেপথ্যে রয়েছে এক কাহিনি। তা জানালেন স্বয়ং শোতা। 'দ্য জাপান টাইমস'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ''আমার মনে হয়েছে যে এমন একটা পানশালা খোলা দরকার, যেখানে মানুষ এসে প্রথমে একটু সময় নিয়ে ভাববেন তিনি কী করতে চান আর কী চান না। আমরা সেই ভাবনার স্বচ্ছতা বাড়াতে খানিকটা সাহায্য করছি। এটা যাতে কেউ না ভাবেন যে চাকরি বদলে ফেলাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত, আমরা তেমন পরামর্শ দিচ্ছি। সঙ্গে বিনামূল্যে মদ, যাতে তাঁরা কেরিয়ার নিয়ে আলোচনা করতে গিয়ে আরও খোলামেলা হতে পারেন।''

জাপানে সম্প্রতিই চালু হয়েছে 'তেনশোকু সোদান বার'। আর শুরুতেই সাড়া ফেলেছে তা। বলা হচ্ছে, বেশিরভাগ মানুষ নিজেদের কেরিয়ার নিয়ে যে দোদুল্যমানতায় থাকেন। এই পানশালা সেই সমস্যাটারই সমাধানের রাস্তা খুলে দিচ্ছে। অনেকে কেরিয়ারের ব্যাপারে কোনও পেশাদার পরামর্শদাতার সঙ্গে আলোচনার ক্ষেত্রে কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়েন। সেক্ষেত্রে এই পানশালা সহজে সেই সুযোগ দিচ্ছে। এখানে মদ্যপানের সময় ফুরফুরে মেজাজে কেরিয়ারের মতো গুরুতর বিষয় নিয়ে আলোচনা চলতে পারে। আর সেটাই হবে সবচেয়ে স্বাস্থ্যকর বলে মনে করেন শোতা।

কিন্তু এমনি এমনি কি আর এই পানশালায় ঢুকে মদ্যপান ও কেরিয়ার নিয়ে পরামর্শ নিতে পারবেন? মোটেই তা নয়। রীতিমতো আগে থেকে বলে'কয়ে তবেই এন্ট্রি মিলবে 'তেনশোকু সোদান বার'-এ। এক থেকে দেড়ঘণ্টা আলাদা একটি ঘরে আপনি আলোচনা চালাতে পারবেন। তবে এদেশে আইন বেশ কড়া। কী আলোচনা হল, কার সঙ্গে হল, এসব কিন্তু কোনওভাবেই প্রকাশ্যে আনা যাবে না। এই পানশালা থেকে বেরিয়ে চুপচাপ নিজের মতো নিজের কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন। একবার ফাঁস হলেই কিন্তু বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement