Advertisement
শহরজুড়ে ছড়িয়ে টাইম মেশিন! চিনে নিন কলকাতার ১৫টি সেরা মিউজিয়াম
কলকাতার গলি থেকে রাজপথ, পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস। এই শহর যেন এক জীবন্ত সংগ্রহশালা। শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের অনন্য রূপ। পর্যটকদের কাছে কলকাতার মিউজিয়ামগুলি বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইতিহাসের ছোঁয়া পেতে ঘুরে আসতেই হবে সেরা ১৫টি ঠিকানায়। জেনে নিন কোথায় কোথায় যাবেন?
ভারতীয় জাদুঘর: এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম এই জাদুঘর ১৮১৪ সালে প্রতিষ্ঠিত। এর স্থাপত্য যেমন রাজকীয়, সংগ্রহও তেমনই বিস্ময়কর। মিশরীয় মমি থেকে শুরু করে মথুরার শিল্পকলা— ইতিহাসের বিশাল ভাণ্ডার এখানে রক্ষিত। জওহরলাল নেহেরু রোডের এই সাদা ইমারত পর্যটকদের প্রথম পছন্দ।
ভিক্টোরিয়া মেমোরিয়াল: রানি ভিক্টোরিয়ার স্মৃতিতে তৈরি এই শ্বেতশুভ্র সৌধ কলকাতার আইকন। ইন্দো-সারাসেনিক শৈলীর এই স্থাপত্যের ভেতর রয়েছে চমৎকার গ্যালারি। ব্রিটিশ আমলের তৈলচিত্র, পুরোনো দস্তাবেজ এবং অস্ত্রশস্ত্রের এক দুর্লভ সংগ্রহশালা এটি। বিকেলের পড়ন্ত আলোয় ভিক্টোরিয়ার বাগান এক মায়াবী পরিবেশ তৈরি করে।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ও পৈত্রিক আবাস এখন রবীন্দ্রভারতী জাদুঘর। কবির ব্যবহৃত আসবাবপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি এবং আঁকা ছবি এখানে সংরক্ষিত। জোড়াসাঁকোর এই আঙিনায় প্রবেশ করলে এক সাংস্কৃতিক আবহ অনুভব করা যায়। সাহিত্যপ্রেমীদের জন্য এটি এক অনন্য তীর্থক্ষেত্র।
বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা: গুরুসদয় রোডে অবস্থিত এই জাদুঘরটি বিজ্ঞানের রহস্য উদ্ঘাটনের আদর্শ জায়গা। এখানে ভূগর্ভস্থ কয়লা খনির আদলে তৈরি টানেলটি পর্যটকদের মূল আকর্ষণ। পদার্থবিদ্যা, বিদ্যুৎ এবং মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন মডেল ছোটদের পাশাপাশি বড়দেরও ভীষণভাবে উৎসাহিত করে।
সায়েন্স সিটি: এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বিজ্ঞান কেন্দ্র। মহাকাশ যাত্রা থেকে বিবর্তনের ইতিহাস— সব কিছুই এখানে ধরা পড়েছে আধুনিক প্রযুক্তিতে। ডায়নোসর পার্ক এবং থ্রি-ডি থিয়েটার দেখার জন্য এখানে পর্যটকদের ভিড় উপচে পড়ে। দিনভর বিজ্ঞানের মজা নেওয়ার জন্য সেরা ঠিকানা।
নেতাজি ভবন: এলগিন রোডে সুভাষচন্দ্র বসুর এই বাসভবনটি এখন একটি অত্যন্ত সমৃদ্ধ জাদুঘর। নেতাজির ব্যবহৃত গাড়ি, জামাকাপড় এবং দেশত্যাগের মুহূর্তের নানা তথ্য এখানে সযত্নে রক্ষিত। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত দলিল এই বাড়িটি দেশপ্রেমীদের আবেগ উসকে দেয়।
মার্বেল প্যালেস: উত্তর কলকাতার চোরবাগানের এই ব্যক্তিগত প্রাসাদটি সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। বিশাল চত্বর জুড়ে রয়েছে ভিক্টোরিয়ান স্থাপত্য, ঝাড়লণ্ঠন এবং বহু দুষ্প্রাপ্য মূর্তি। এখানে একটি ছোট চিড়িয়াখানাও রয়েছে। রাজকীয় আভিজাত্য চাক্ষুষ করতে হলে এখানে পা রাখতেই হবে।
মাদার্স ওয়াক্স মিউজিয়াম: নিউ টাউনে অবস্থিত এই জাদুঘরটি লন্ডনের মাদাম তুসো-র আদলে তৈরি। এখানে মাদার টেরেসা থেকে শুরু করে অমিতাভ বচ্চন— বহু বিখ্যাত মানুষের মোমের মূর্তি রয়েছে। মূর্তিগলি এতটাই জীবন্ত যে বিভ্রান্ত হতে হয়। পর্যটকদের কাছে এটি এখন দারুণ জনপ্রিয়।
স্মরণিকা ট্রাম মিউজিয়াম: কলকাতার নস্টালজিয়া জড়িয়ে আছে ট্রামে। এসপ্ল্যানেডে একটি সুসজ্জিত ট্রাম কামরার ভেতরে তৈরি হয়েছে এই জাদুঘর। এখানে ট্রামের বিবর্তন, পুরোনো টিকিট এবং যন্ত্রাংশের ছোট ছোট প্রতিলিপি দেখা যায়। অল্প সময়ে তিলোত্তমার গণপরিবহনের ইতিহাস জানার এটিই শ্রেষ্ঠ উপায়।
Published By: Buddhadeb HalderPosted: 08:50 PM Apr 08, 2026Updated: 08:50 PM Apr 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
