Advertisement
অরুণোদয় হন রাহুল, রুক্মিণী থেকে কোয়েল, সিনেদুনিয়ায় পা রাখার আগে নাম বদলান আর কোন সেলেব?
দেখে নিন কে কে রয়েছেন এই তালিকায়।
অরুণোদয় থেকে হয়েছিলেন রাহুল। রুক্মিণী থেকে কোয়েল। সিনেদুনিয়ায় পা রাখার আগে যেন নাম বদল করাই দস্তুর। শুধু টলিউড নয়। রাখি থেকে কিয়ারা, আবার শাহরুখ, সলমন বলি সেলেবদেরও নাম বদলের উদাহরণ রয়েছে বহু। খাতায় কলমে যা-ই নাম থাকুক না কেন, গ্ল্যামার দুনিয়ায় পা রাখার আগে নাম বদল করেন তাঁরা।
শাহরুখ খান। তিনি বলিউড বাদশা। এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরেছেন বহুবার। তখনই জানা গিয়েছে, প্রথম জীবনে শাহরুখ মোটেও শাহরুখ ছিলেন না। দিদা তাঁর নাম দিয়েছিলেন আব্দুর রহমান। শাহরুখ বলেন, "তাঁর দিদা চাইতেন নামটি নানা নথিপত্রে অন্তর্ভুক্ত হোক। আমার একটু হয়রানি হয়েছে। তবে কোথাও নামটি নথিভুক্ত নয়।" সেই আব্দুর রহমানই আজ গোটা বিশ্বে শাহরুখ খান হিসাবে পরিচিত।
সলমন খানের নাম ছিল অন্য। বি-টাউনে পা রাখার পর তিনি সলমন নামে পরিচিত। একসময় তাঁর নাম ছিল আব্দুল রশিদ সেলিম সলমন খান। ভাইজান যে এমন নামে পরিচিত, তা জানেন তাঁর ঘনিষ্ঠ বৃত্তের লোকজনেরাই।
অমিতাভ বচ্চনের নামের পিছনে লুকিয়ে আছে এক অজানা গল্প। তাঁর পরিবারের পদবি 'বচ্চন' আসলে তাঁর বাবা। বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের ছদ্মনাম। জাতিপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি নিজের আসল পদবি 'শ্রীবাস্তব' ছেড়ে এই নাম গ্রহণ করেছিলেন। এক সাক্ষাৎকারে জানান, স্বাধীনতা সংগ্রামের সময় জন্ম হওয়ায় অমিতাভের নাম প্রথমে 'ইনকিলাব' রাখার কথা ভাবা হয়েছিল। পরবর্তীতে অমিতাভ বচ্চন তার কেরিয়ারের শুরুতে 'ইনকিলাব' এবং 'ম্যায় আজাদ হুঁ'র মতো ছবিতে অভিনয়ও করেছিলেন।
অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরিওম ভাটিয়া। অক্ষয় তাঁর পড়াশোনা শেষ করে তাইকোন্ডোর প্রশিক্ষণ নেন। যখন ক্লাস এইটে পড়েন, তখন থেকে ট্রেনিং নেন। পরবর্তীকালে তিনি ব্যাঙ্ককে যান এবং সেখানে একটি হোটেলের শেফ এবং ওয়েটার হিসেবেও কাজ করেন। অক্ষয় ধীরে ধীরে ছোট ছোট মডেলিংয়ের কাজ শুরু করেন এবং অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। রাজীব হরিওম ভাটিয়া থেকে হয়ে ওঠেন অক্ষয়।
বাবা-মা সাধ করে ছেলের নাম দিয়েছিলেন বিশাল। বিশাল দেবগন নাম নিয়েই ছোট থেকে বেড়ে উঠেছিলেন তিনি। বলিউডে পা রাখার সময় বিশাল দেবগনের মনে হয়েছিল, তাঁর নামটি এতই সাধারণ যে বি-টাউনের ঝকঝকে দুনিয়ার সঙ্গে তা ঠিক খাপ খাবে না। অনেক নামের ভিড়ে হারিয়ে যাবেন। আর তাই নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিশাল থেকে হয়ে গিয়েছিলেন অজয়।
হাজারও অনুরাগীর বুকে নিমেষে কাঁপন ধরিয়ে দিতে পারেন ক্যাটরিনা কাইফ। তাঁর পোশাক কিংবা অভিনয়ে সকলে মুগ্ধ। ক্যাটরিনা কাইফের মা ইংরেজ। বাবা কাশ্মীরি। ক্যাটরিনার মায়ের নাম সুজেন টারকোট। বাবা মহম্মদ কাইফ। প্রথম জীবনে ক্যাটরিনাকে সকলে চিনতেন ক্যাটরিনা টারকোট বলেই। পরে ভারতীয় পদবী আপন করে নেন।
এখনও এভারগ্রিন, সুন্দরী- কত নামেই না অভিহিত করা হয় তাঁকে। ১৯৫৪-য় এক দক্ষিণ ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করেন রেখা। আসল নাম ভানুরেখা গণেশন। শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন রেখা। ব্যক্তিগত জীবন বরাবর ছাপিয়ে গিয়েছে রেখার জনপ্রিয়তাকে। অমিতাভ বচ্চন, রাজ বব্বর, বিনোদ মেহরা থেকে সঞ্জয় দত্ত- একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে রেখাকে ঘিরে।
তাব্বুর অভিনয়ের পরিসর যেমন বিস্তৃত, তেমনই নানা সময়ে আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবনও। আসল নাম তাবাসসুম। কিংবদন্তি অভিনেতা দেব আনন্দই তাঁকে ‘তাব্বু’ নামটি দিয়েছিলেন। একটি জন্মদিনের অনুষ্ঠানে তাঁকে দেখে দেব আনন্দ মুগ্ধ হন এবং পরে ‘হাম নওজাওয়ান’ ছবিতে অভিনয়ের সুযোগ দেন। সেই ছবিতে তাব্বু অভিনয় করেছিলেন অভিনেতার মেয়ের চরিত্রে।
Published By: Sayani SenPosted: 09:45 PM Apr 08, 2026Updated: 09:45 PM Apr 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
