Advertisement
বিয়ার নৈব নৈব চ! মাত্র ১৫ মিনিটের যোগাভ্যাসেই ত্বকের জেল্লা, ফাঁস রণবীরের সহজ রুটিন
রণবীর আল্লাহবাদিয়া (Ranveer Allahbadia)-র মতে, সুস্থ শরীর আর ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা পেতে শুধু কঠিন ব্যায়ামই যথেষ্ট নয়। শরীর, মন আর শ্বাসের সঠিক সমন্বয় তৈরিই আসল লক্ষ্য। তাঁর মতে, নিয়মিত যোগব্যায়াম, স্ট্রেচিং এবং শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ একসঙ্গে করলে শরীরের ভেতরে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয়, যা বাইরে থেকেও স্পষ্টভাবে ধরা পড়ে।
জনপ্রিয় পডকাস্টার হিসেবে পরিচিত রণবীর বরাবরই ফিটনেস নিয়ে সচেতন। ফিটনেস মানে জিমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো, এমন ধারণা এখনও অনেকের মধ্যে রয়েছে। তাঁর মতে, বাস্তবে সঠিক অভ্যেস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন একটি রুটিন বেছে নেওয়া উচিত, যা সহজ, বাস্তবসম্মত এবং দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে পালন করা সম্ভব হয়, যাতে শরীর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেকেই ত্বকের সমস্যা নিয়ে চিন্তিত থাকেন। ব্রণ, রুক্ষতা বা নিস্তেজ ভাব খুব সাধারণ সমস্যা। তবে শরীরের ভেতরের ভারসাম্য ঠিক না থাকলে বাইরে যত যত্নই নেওয়া হোক, স্থায়ী ফল পাওয়া কঠিন। নিয়মিত যোগব্যায়াম সেই ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে, যার প্রভাব ত্বকে ফুটে ওঠে।
রণবীরের মতে, যোগব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন ভালো করে। যখন শরীরের প্রতিটি অংশে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়, তখন ত্বকও তার উপকার পায়। ফলে ত্বক আরও উজ্জ্বল, সতেজ এবং প্রাণবন্ত হয়ে ওঠে। এই পরিবর্তন ধীরে হলেও তা দীর্ঘস্থায়ী হয় এবং প্রাকৃতিকভাবে আসে।
তাঁর কথায়, চুলের যত্নও আজকের দিনে বড় একটি বিষয়। দূষণ, মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে চুলের সমস্যা বাড়ছে। যোগব্যায়াম ও শ্বাসের সঠিক অনুশীলন স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে, যা চুলের গোড়া মজবুত করতে এবং চুলের গুণমান উন্নত করতে সহায়ক হতে পারে।
তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় মানসিক স্বাস্থ্যে। অতিরিক্ত চিন্তা, উদ্বেগ এবং চাপ অনেকেরই নিত্যসঙ্গী হয়ে উঠেছে। নিয়মিত যোগব্যায়াম এবং ব্রিদিং এক্সারসাইজ মনের অস্থিরতা কমিয়ে ধীরে ধীরে এক ধরনের শান্তি এনে দেয়, যা দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
তিনি জানান, শ্বাস-প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ তৈরি করা যোগব্যায়ামের একটি গুরুত্বপূর্ণ অংশ। গভীর ও ধীর শ্বাস নেওয়ার অভ্যেস মস্তিষ্ককে শান্ত করে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। এর ফলে কাজের দক্ষতা বাড়ে এবং মানসিক চাপ সামলানো অনেক সহজ হয়ে ওঠে।
রণবীর আরও বলেন, ব্যায়াম এমন হওয়া উচিত, যা সময় বাঁচায় এবং একই সঙ্গে কার্যকর হয়। দিনের বড় একটি সময় শুধু শরীরচর্চায় ব্যয় করলে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলি অবহেলিত হতে পারে। তাই এমন একটি রুটিন প্রয়োজন, যা কম সময়ে শরীর ও মন- দুটোকেই সমানভাবে উপকার দেয়।
অনেকেই মনে করেন, ভালো ফল পেতে হলে দীর্ঘ সময় ব্যায়াম করা জরুরি। কিন্তু রণবীরের মতে, বাস্তবে প্রতিদিন অল্প সময় নিয়মিত চর্চাই বেশি কার্যকর। ১০ থেকে ১৫ মিনিট সময় দিয়েও শুরু করা যায়, যদি তা ধারাবাহিকভাবে বজায় রাখা যায়। নিয়মিত শরীরচর্চা করাই সবচেয়ে বড় বিষয়।
নতুনদের জন্য তাঁর পরামর্শ, জটিল ভঙ্গি শেখার প্রয়োজন নেই। সহজ কিছু স্ট্রেচিং দিয়েই শুরু করা উচিত। শরীরের অ্যাঙ্কল, হিপ, কাফ, কোয়াডস এবং হ্যামস্ট্রিংয়ের এক্সারসাইজ শরীরকে নমনীয় করে এবং ভবিষ্যতে কঠিন ভঙ্গিকে সহজ করে।
Published By: Pritimoy Roy BurmanPosted: 09:08 PM Apr 21, 2026Updated: 09:08 PM Apr 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
