Advertisement
নেদারল্যান্ডস সফরে মোদি, প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকঘণ্টার বৈঠকে ১৭টি চুক্তি, কী কী লাভ ভারতের?
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন রব জেটেন। সেদেশের প্রথম সমকামী প্রধানমন্ত্রী তিনি।
চার রাজ্যের বিধানসভা এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনে বিরাট সাফল্য পেয়েছে বিজেপি। পাঁচটি বিধানসভার তিনটিই গিয়েছে গেরুয়া শিবিরের ঝুলিতে। বিরাট সাফল্যের পর বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাঁচদিনে পাঁচটি দেশে সফর রয়েছে প্রধানমন্ত্রী। গত শুক্রবার তিনি পৌঁছন সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারতের জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজি সরবরাহ করা নিয়ে আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাইয়ানের সঙ্গে দুটি বড় চুক্তি করেছেন তিনি।
আমিরশাহী থেকে প্রধানমন্ত্রী পা রেখেছেন নেদারল্যান্ডসে। শনিবার দিনভর নানা কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন মোদি। প্রবাসী ভারতীয়দের একটি সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম, ডিজিটাল অগ্রগতি ও বিশ্বের দরবারে দেশের ক্রমবর্ধমান সাফল্যের কথা তুলে ধরেন।
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের কথাও এই সভায় বলেন মোদি। বাংলায় ভোটপ্রচারে এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন তিনি। সেই নিয়ে বেশ হইচই হয় ভোটমুখী বঙ্গে। নেদারল্যান্ডসে ভাষণ দিতে গিয়েও প্রধানমন্ত্রী বলেন, “এখানেও কি ঝালমুড়ি পৌঁছে গেছে?”
মোদির নেদারল্যান্ডস সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক। শনিবার আলোচনায় বসেন দুই রাষ্ট্রপ্রধান। দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে এই বৈঠকে।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, গ্রিন এনার্জি, স্বাস্থ্য এবং শিক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে। শুধু তা-ই নয়, এই ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতেও বিস্তারিত আলোচনা হয়েছে।
নেদারল্যান্ডস থেকে মোদির গন্তব্য নরওয়ে। ডাচমুলুক থেকে সফর শেষ করে একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে,পোস্ট করেন। ধন্যবাদ জানান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীকে। আগামী দিনে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে বলেই আশাবাদী তিনি।
মোদির সফর শেষ হতেই বিদেশমন্ত্রকের তরফ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী চার বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগোবে কোন পথে, সেই নিয়ে বিস্তারিত বিবরণ পেশ করা হয়েছে। মোট ১৭টি চুক্তি হয়েছে এই সফরে।
বাণিজ্য, প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, এআই, কোয়ান্টাম কম্পিউটিং, মেরিটাইম সিকিয়োরিটিতে গুরুত্ব দেওয়া হবে। বিনিয়োগ, নিয়োগ, সাপ্লাই সংক্রান্ত বিষয়ে দুই দেশের আদানপ্রদান আরও বাড়বে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
Published By: Anwesha AdhikaryPosted: 05:54 PM May 17, 2026Updated: 05:54 PM May 17, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
