Advertisement
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার! খেলার মাঝপথে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা, চমক নিয়ে হাজির ফিফা
বিশ্বকাপের কাউন্টডাউন শুরু। কোন দল উঠবে ফাইনালে, কার হাতে উঠবে ট্রফি - সব নিয়েই জোর চর্চা চলছে। ঠিক এই সময়েই এক নতুন চমক নিয়ে হাজির হয়েছে ফিফা
বিশ্বকাপের কাউন্টডাউন শুরু। কোন দল উঠবে ফাইনালে, কার হাতে উঠবে ট্রফি - সব নিয়েই জোর চর্চা চলছে। ঠিক এই সময়েই এক নতুন চমক নিয়ে হাজির হয়েছে ফিফা। ভাবুন, ফাইনালের দিন। গ্যালারি ভরা দর্শক। চোখ সবার মাঠে। খেলার উত্তেজনা তুঙ্গে। প্রথমার্ধ শেষ হতেই হঠাৎ বদলে গেল পুরো পরিবেশ। আলো ঝলমলে স্টেডিয়াম যেন মুহূর্তে রূপ নিল এক বিশাল মঞ্চে। ছবি এআই দ্বারা নির্মিত।
হ্যাঁ, এবার ফুটবল বিশ্বকাপে ফাইনালে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে হাফটাইম শো। বিশ্বকাপের ইতিহাসে এতদিন ফাইনাল মানেই ছিল নিখাদ ফুটবলের লড়াই। ৯০ মিনিটের উত্তেজনা, তারপর ট্রফি তুলে ধরা। কিন্তু এবার গল্পটা একটু অন্যরকম। ৯৬ বছরের সেই পরিচিত ধারাকে বদলে দিতে চলেছে ফিফা। তাদের ইনস্টাগ্রাম পোস্টে ভেসে উঠল চমকপ্রদ সেই খবর। আসন্ন বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘হাফটাইম শো’।
ভাবুন তো, ম্যাচ চলছে টানটান উত্তেজনায়। প্রথমার্ধ শেষ হতেই খেলোয়াড়রা বিশ্রামে গেলেন। কিন্তু মাঠ ফাঁকা থাকল না। বরং স্টেডিয়াম যেন বদলে গেল এক বিশাল কনসার্টের মঞ্চে। আলো ঝলমলে পরিবেশে শুরু হল নাচ-গান। আর সেই মঞ্চ মাতাতে হাজির হলেন বিশ্বসঙ্গীতের তিন বড় নাম - পপ আইকন ম্যাডোনা, লাতিন সেনসেশন শাকিরা এবং কোরিয়ান ব্যান্ড বিটিএস।
আগামী ১৯ জুলাই নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল। আর সেখানেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো ম্যাচের বিরতিতে হবে হাফটাইম শো। এই জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা ও কিউরেশনের দায়িত্বে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো সোশাল মিডিয়ায় শিল্পীদের নাম ঘোষণা করে জানিয়েছেন, ‘বিশ্বকাপ ফাইনালের এই হাফটাইম শো হতে চলেছে সত্যিই এক বিশেষ ও স্মরণীয় মুহূর্ত।’
গোটা পরিকল্পনার মাধ্যমে ফিফা বিশ্বকাপকে সুপার বোলের আদলে সাজাতে চাইছে। আমেরিকায় বহু বছর ধরে বড় ক্রীড়া আসরের অন্যতম আকর্ষণ হাফটাইম কনসার্ট। সেই অভিজ্ঞতাকেই এবার বিশ্বকাপ ফাইনালে যুক্ত করে একে আরও বেশি বিনোদনমুখী ও দর্শককেন্দ্রিক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১২ সালে ম্যাডোনা সুপার বোলের হাফটাইম শো-তে পারফর্ম করেছিলেন। অন্যদিকে, শাকিরা ২০২০ সালে জেনিফার লোপেজের সঙ্গে সেই মঞ্চে অংশ নেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন। এবার তাঁদের সঙ্গে যোগ দিচ্ছে বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস, যা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলবে।
ফুটবল বিশ্বকাপের ৩৩ দিন আগে নতুন গানের ঝলক নিয়ে হাজির হয়েছিলেন কলম্বিয়ার পপ গায়িকা। ‘ওয়াকা ওয়াকা’র জাদু এখনও বিশ্বের ফুটবলপ্রেমীদের কানে বাজে। সেই মাদকতা ছড়াতে নতুন গান নিয়ে আবারও হাজির শাকিরা। যার নাম ‘ডাই ডাই’। ইটালিয়ান ভাষায় এই শব্দের অর্থ ‘চলো এগিয়ে যাই।’
২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে শাকিরা নিয়ে এসেছিলেন ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা) গানটি। সেই গান আজও ফুটবল সমর্থকদের মুখে মুখে ফেরে। ২০০৬ সালের ‘হিপস ডোন্ট লাই’ গানটিও প্রবল জনপ্রিয়। ২০১৪ বিশ্বকাপের সময় সুন্দরী গায়িকা গেয়েছিলেন ‘লা লা লা’ গানটি। তারপর দু’টি বিশ্বকাপে আর কোনও নতুন গান আনেননি। এবার ফের ‘ডাই ডাই’ গান নিয়ে হাজির। পুরো গানটি মুক্তি পেয়েছে ১৪ মে।
অন্যদিকে, ২০২০ সালে প্রথম কে-পপ শিল্পী হিসাবে গ্র্যামি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ার পর, এই কোরিয়ান সুপারস্টাররা আবারও নতুন এক মাইলফলক ছুঁয়েছে। এবার তাঁরা বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে প্রথম কে-পপ দল হিসাবে অনন্য কৃতিত্ব অর্জন করল।
Published By: Prasenjit DuttaPosted: 09:11 PM May 16, 2026Updated: 09:11 PM May 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
