Advertisement
রাহানের অবসর 'শাপে বর'! 'ঘরের ছেলে' নাকি বহিরাগত তারকা, নাইট অধিনায়ক হওয়ার দৌড়ে কারা?
রইল ৬ মহাতারকার তালিকা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্ক রাহানে। সম্ভবত কেকেআরের হয়েও খেলবেন না। নাইট অধিনায়ক হিসেবে রাহানের অধ্যায় সফল নয়। দু'বছরে শাহরুখ খানের দলের আইপিএল কপাল খোলেনি। রাহানে সরলে কাকে নেতৃত্ব দিতে পারে কেকেআর? 'ঘরের ছেলে'ও যেমন আছেন, তেমনই ট্রেড করে তারকা আনতে এবার মরিয়া হয়ে উঠবে নাইটরা। রইল সেরকম ৬ জনের নাম।
গত ১০ বছরে ৬ জন কেকেআরের অধিনায়ক হয়েছেন। গৌতম গম্ভীর (২০১৭ পর্যন্ত), দীনেশ কার্তিক, অইন মর্গান, শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন্সি করেছেন। মাঝে নীতীশ রানার হাতেও দায়িত্ব ছিল। এঁদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক শ্রেয়স। ২০২৪-এ আইপিএল জেতে নাইটরা। তারপর রাহানেকে অধিনায়ক করা হয়। সেটা কিছুটা বাধ্য হয়েই। রাহানে সরে যাওয়ায় অধিনায়ক নির্বাচনে আরও সাবধানী হতে হবে কেকেআরকে।
সেই তালিকায় প্রথম নাম অবশ্যই রিঙ্কু সিংয়ের। বেশ কয়েক মরশুম কেকেআরে আছেন। নাইটদের খেলার ধরন, ড্রেসিং রুমের পরিবেশ বেশ ভালোরকম বোঝেন তিনি। দলের হয়ে অতীতে ভালো পারফর্ম করছেন। দায়িত্ব নিতে পছন্দ করেন। গত মরশুমে দলের সহ-অধিনায়ক ছিলেন। লখনউয়ের বিরুদ্ধে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছিলেন। ৭৩ ম্যাচে ১৩৯৪ রান। এর আগে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন। সব দিক থেকে দেখলে রিঙ্কুই সবচেয়ে 'যোগ্য'।
কেকেআরের সবচেয়ে পুরনো যোদ্ধা সুনীল নারিন। নাইটদের ঐতিহ্যের ধারক-বাহক। সবচেয়ে সফল ক্রিকেটার। মাথা অসম্ভব ঠান্ডা, প্রচুর অভিজ্ঞতা আছে। বিদেশে নাইটদের একাধিক ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক। কেকেআরের হয়ে ২০০-র বেশি উইকেট নিয়েছেন। ১,৮০০-এর বেশি রান আছে। দলের ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালের আইপিএল শিরোপা জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে নারিনের বয়স একটা সমস্যা। তবে আগামী নিলামে ঝাঁপানোর আগে পর্যন্ত দায়িত্ব দেওয়া হতে পারে।
২৫.২০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ক্যামেরন গ্রিনকে। প্রথম মরশুমে একেবারেই ছন্দে ছিলেন না অজি অধিনায়ক। চোটের সমস্যাও ভুগিয়েছে। পরের মরশুমের আগে তাঁকে ছেড়ে দেওয়ার জল্পনা রয়েছে। তবে দলে থাকলে নাইটদের নেতৃত্ব দিতে পারেন। এখনও কোনও দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। কিন্তু নাইটরা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাঁকে দেখতে পারে।
আর যদি গ্রিনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তিন বড় ভারতীয় নামের পিছনে ছুটতে পারে কেকেআর। যার মধ্যে সবার আগে আসবে হার্দিক পাণ্ডিয়ার নাম। মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের অধ্যায় সমাপ্ত বলাই যায়। তিনিও চাইবেন নতুন শুরু। অনেক কিছু প্রমাণ করারও আছে। ২০২২-এ গুজরাট টাইটান্সকে আইপিএল জিতিয়েছিলেন। বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা আছে। তাছাড়া কেকেআর একজন অলরাউন্ডার ও ফিনিশারের খোঁজও করছে।
আরেক ভারতীয় তারকার জন্য টাকা ঢালতে পারে কেকেআর। তিনি হলেন যশস্বী জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের তারকা আইপিএলে দারুণ ফর্মে থাকেন। কিন্তু সঞ্জু স্যামসনের পর রাজস্থান নেতৃত্ব দিয়েছে রিয়ান পরাগকে। এদিকে ঝড়ের গতিতে উঠে এসেছে বৈভব সূর্যবংশী। সেখানে একটু ছায়ায় পড়ে গিয়েছেন যশস্বী। কেকেআরও ভারতীয় ওপেনার খুঁজছে। সেই সঙ্গে নেতৃত্বের প্রস্তাব দিলে যশস্বীকে পাওয়ার সম্ভাবনা বাড়বে।
দিল্লি ক্যাপিটালসের কেএল রাহুলও কেকেআরের তালিকায় থাকতে পারেন। প্রতি মরশুমেই ব্যাট হাতে নিজেকে ছাপিয়ে যান। কিন্তু দিল্লি সাফল্য পায় না। দিল্লিও সম্পূর্ণ খোলনলচে বদলাচ্ছে। সেখানে রাহুলকে কোন ভূমিকায় দেখা যাবে বলা যাচ্ছে না। তাই তিনি নতুন ঠিকানা খুঁজতেই পারেন। লখনউ সুপার জায়ান্টসের বিতর্কিত পর্ব ভুলে নতুন অধ্যায় শুরুর সুযোগ পাবেন। মুশকিল হল, অধিনায়ক হিসেবে রাহুল খুব বেশি সাফল্য পাননি। এবার দেখার কেকেআর কী করে?
Published By: Arpan DasPosted: 04:40 PM Jul 31, 2026Updated: 04:40 PM Jul 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
