Advertisement
ব্রিকস মঞ্চে বিশ্বগুরু ভারত, ছবিতে দেখে নিন ভারত মণ্ডপমের মেগা সম্মেলন
শনিবার সম্মেলনের প্রথম দিনে চিন, রাশিয়ার প্রেসিডেন্ট-সহ ১১টি দেশের রাষ্ট্রপ্রধানরা। তাঁদের অভ্যর্থনা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকর।
ভারতের প্রতিনিধিত্বে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শনিবার থেকে শুরু হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে শুক্রবার থেকেই ভারতে পা রাখতে শুরু করেছেন শীর্ষ নেতারা। শনিবার সম্মেলনের প্রথম দিনে চিন, রাশিয়ার প্রেসিডেন্ট-সহ ১১টি দেশের রাষ্ট্রপ্রধানরা। তাঁদের অভ্যর্থনা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকর।
দুপুর ২.৩০ নাগাদ শুরু হয় ব্রিকস সম্মেলন। এবারের আলোচ্য বিষয় 'ইনক্লুসিভ গ্লোবাল গভর্ন্যান্স অ্যান্ড স্ট্রেংথেনিং মাল্টিলেটারেলিজম'। বাংলা তর্জমায় বহুত্ববাদ মজবুত করা তথা অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রশাসন। এখানেই দিল্লি ঘোষণার খসড়া নিয়ে আলোচনা ও ঐকমত্য তৈরি হয়। রাষ্ট্রসংঘের সংস্কার, সন্ত্রাসবাদে নিন্দা, যুদ্ধের বিরোধিতা সংক্রান্ত প্রস্তাব পাশ হয়।
৭ বছর পর ব্রিকস উপলক্ষে ভারতে পা রেখেছেন শি জিনপিং। শনিবার তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে প্রধানমন্ত্রী চিনকে বার্তা দেন, দুই দেশের সম্পর্কের জন্য সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, উভয় পক্ষকেই সীমান্ত সংক্রান্ত চুক্তি এবং সমঝোতা মেনে চলতে হবে।
পাশাপাশি জিনপিং বলেন, 'আমাদের দুই দেশের জাতীয় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একে অপরের শক্তি থেকে শিক্ষা নিয়ে, একে অপরকে সমর্থনের মাধ্যমে একসঙ্গে এগিয়ে যেতে হবে আমাদের।'
বিকেলে ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী আয়োজিত হয়। সেখানে ব্রিকস নেতারা ভারতের স্টার্টআপ, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারিত প্রত্যক্ষ করেন।
প্রদর্শনী শেষে ভারত মণ্ডপমের লনে ১১টি দেশের রাষ্ট্রনেতা একসঙ্গে ছবি তোলেন। সেখানেই সকল রাষ্ট্রনেতারা একটি করে চারা রোপন করেন। তাতে মাটি ও জল দেন।
Published By: Amit Kumar DasPosted: 10:23 PM Sep 12, 2026Updated: 10:23 PM Sep 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
