Advertisement
'সোলার ট্র্যাকার' থেকে 'চন্দ্রযান ৩', পড়ুয়াদের বিজ্ঞানমুখী করতে নদিয়ার স্কুলে অভিনব প্রদর্শনী
অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বিজ্ঞানের বিভিন্ন মডেল নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। প্রতিটি মডেলে ছিল প্রযুক্তির ব্যবহারে ভবিষ্যতে দেশ ও বিশ্বের মঙ্গল ভাবনা।
স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা স্মরণে নদিয়া জেলার হাঁসখালি ব্লকের বগুলা ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এলাকার প্রায় পনেরোটি উচ্চ বিদ্যালয় গত ১১ সেপ্টেম্বর অংশ নেয় বিজ্ঞান প্রদর্শনী ও সেমিনারে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বিজ্ঞানের বিভিন্ন মডেল নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। প্রতিটি মডেলে ছিল প্রযুক্তির ব্যবহারে দেশ ও বিশ্বের মঙ্গল ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থেকে পড়ুয়াদের উৎসাহ দেন রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস।
পৃথিবীর বয়স যত বাড়ছে তত কমছে ভূগর্ভস্থ পানীয় জল। সেকথা মাথা রেখে ফতেপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্ররা তৈরি করেছে বৃষ্টির জল সংরক্ষণ মডেল।
ইএসপি ৩২ মাইক্রোকন্ট্রোলার ব্যবহারে তৈরি স্মার্ট অটোনমাস সোলার ট্র্যাকার। এটি সোলার পাওয়ার প্ল্যান্টের কাজ করবে। মডেল তৈরি করেছেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্ররা।
ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্ররা তৈরি করেছে মডার্ন রেলওয়ে সেফটি সিস্টেম। যেখানে ব্যবহার করা হয়েছে ফায়ার সেন্সর, মোশন সেন্সর, অটোমেটিক সিগন্যাল সিস্টেম এবং ডিজিটাল মনিটরিং।
শহরকেন্দ্রিক সভ্যতায় কীভাবে গড়ে উঠবে আধুনিক নগর! হরিতলা তারকদাস বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রদের মডেলে উঠে এল একটি স্মার্ট সিটির আদল।
১১ সেপ্টেম্বরের বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেয় হলদিপাড়া এনএসসিপিবি বিদ্যা নিকেতনের নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। তারা তৈরি করেছে টেসলা কয়েল।
ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্ররা তৈরি করেছে স্মার্ট বর্ডার সিকিওরিটি সিস্টেমের মডেল। যেখানে তারকাঁটা কাটলেই বেজে উঠবে সাইরেন, জ্বলে উঠবে লাইট এবং অটোমেটিক্যালি খবর পৌঁছে যাবে বিএসএফ ক্যাম্পে।
কেবল প্রযুক্তিই নয়, জীব বিজ্ঞানের মডেলও চিল প্রদর্শনীতে। হারানচন্দ্র শরৎচন্দ্র শ্রীকৃষ্ণ বালিকা বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রীরা তৈরি করে মানব হৃদপিণ্ডে রক্ত সংবহন পথের মডেল।
সাম্প্রতিক সময়ে চন্দ্রাভিযান-সহ মহাকাশে একাধিক সাফল্য পেয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সে কথা মাথায় রেখে বগুলা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র তৈরি করে চন্দ্রযান ৩-এর মডেল।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বগুলা ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কুমকুম ভট্টাচার্য। এই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, অসিত সিকদার এবং বাংলার শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস-এর তত্ত্বাবধানে আয়োজিত হয় গোটা কর্মকাণ্ড। সেমিনারের বিষয় ছিল "কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে মানুষ কি হেরে যাবে?" বিষয়টিতে আলোকপাত করেন প্রকৌশলী, শিক্ষক সৈকত ঘোষ। এছাড়াও স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সত্যব্রত ভট্টাচার্য।
Published By: Kishore GhoshPosted: 06:57 PM Sep 13, 2026Updated: 07:23 PM Sep 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
