Advertisement
'জিলা টপ লাগেলু...', অশ্লীল দ্বৈত অর্থের গানে নিষেধাজ্ঞা, বাজালেই ফক্কা হবে গ্যাঁটের কড়ি
অশ্লীল গানে 'দোলে'র দুলুনি? রঙিন চশমা খুলে আগে পড়ে নিন কড়া এই সতর্কবাণী।
সামনেই দোল। অনেকের কাছে যা কিনা আবার 'ফাগুয়া' উৎসব। আর দোল এলেই রঙিন চশমা পড়়ে রঙে রঙে মেতে ওঠার সঙ্গে ফি বছর মাঠঘাট থেকে বাড়ির ছাদে তারস্বরে ভোজপুরি গানের রমরমা। এবার এই সুদিন 'দুর্দিনে' পরিণত হল বলে!
'লাগালে তু জব লিপিস্টিক' থেকে 'লেহেঙ্গা উঠা দেবে রিমোট সে...', এহেন একাধিক ভোজপুরী গান বিহারের গণ্ডি ছাড়িয়েও ভিন রাজ্যে বহুল জনপ্রিয়। যে কোনও উৎসবে এহেন চটুল গানে 'ডিজে-সংস্কৃতি'র বাড়বাড়ন্তে প্রায় ওষ্ঠাগত জনজীবন!
তবে শুধু গান নয়। এসব গানের মিউজিক ভিডিওর 'ভিউ'ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চড়চড়িয়ে বেড়েছে। কোনও কোনওটা তো আবার রেকর্ডও গড়ে ফেলেছে।
কিন্তু হোলির আগেই এবার এসব অশ্লীল, দ্বৈত অর্থের গানে জারি হল কড়া নিষেধাজ্ঞা। অভিযোগ, এহেন গান নারীর নিরাপত্তাকে বিপন্ন করার পাশাপাশি শিশুদের উপরও নেতিবাচক প্রভাব ফেলে।
তাই হোলির আগে জেলায় জেলায় সমস্ত পুলিশ ইউনিটকে বিশেষ অভিযান চালানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কী কাজ এই টিমের?
জানা গেল, জনসমাবেশ থেকে রোজকার বাস-ট্রাক, এমনকী অটোরিকশার পাশাপাশি বাদ যাবে না সেলুনও! প্রতিটা জায়গায় গিয়ে ঢুঁ মারবে পুলিশ। কোথাও এহেন অশ্লীল, দ্বৈত অর্থের গান শুনলেই কড়া আইনি পদক্ষেপ করবে পুলিশ।
এবার প্রশ্ন, কোন রাজ্যে এহেন নিষেধাজ্ঞা জারি হয়েছে? খবর, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি সম্প্রতি এই সতর্কবিধি জারি করেছেন রাজ্যজুড়ে।
Published By: Sandipta BhanjaPosted: 09:45 PM Feb 09, 2026Updated: 09:47 PM Feb 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
