Advertisement
শীতকালীন অলিম্পিকেও বলিউড দাপট, 'ধুরন্ধর'-এর গানে স্কেটিং করে ভারতের মন জয় জর্জিয়ান তরুণীর
তবে শুধুই গান নয়। অ্যাথলিটের সাজ-পোশাকেও ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। সব ছবি: সোশাল মিডিয়া
মিলানে চলছে শীতকালীন অলিম্পিক। কখনও করোনা ভাইরাসের সংক্রমণের জন্য তো কখনও উদ্বোধনী অনুষ্ঠানে 'শয়তানের প্রতীক'কে (স্যাটানিক সিম্বল) ঘিরে বারবার শিরোনামে উঠে আসছে এই ইভেন্ট। যদিও যাবতীয় বাধা-বিতর্ককে মাঠের বাইরে রেখে একের পর এক ইভেন্টে পদক জিতে নিচ্ছেন অ্যাথলিটরা।
৬ ফেব্রুয়ারিতে শুরু হওয়া মেগা ইভেন্ট চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ৯২টি দেশ অংশ নিয়েছে এবারের শীতকালীন অলিম্পিকে। সব মিলিয়ে প্রতিযোগীর সংখ্যা ২৮৭১। এই মেগা ইভেন্টে ভারতীয় অ্যাথলিটের সংখ্যা মোটে দুই। স্কিংয়ে অংশ নিয়েছেন তাঁরা।
তবে মিলানে ভারতীয় অ্যাথলিট সংখ্যা যতই কম হোক, গোটা ইভেন্ট জুড়ে মঁ মঁ করছে 'ইন্ডিয়ান ফ্লেভার'। সৌজন্যে বলিউড। বুঝতে পারলেন না? আসলে বলিউড গানেই স্কেটিংয়ের মঞ্চ মাতালেন রুশ-জর্জিয়ান ফিগার স্কেটার।
সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল অ্যানাস্তাসিয়া গুভানোভার স্কেটিং। তাঁর সাজ-পোশাক থেকে পারফরম্যান্স- সবকিছুই নজর কেড়েছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। কারণ হিন্দি গানের তালেই আইস স্কেটিং মঞ্চে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরলেন তিনি।
শাহরুখ খান, করিনা কাপুর অভিনীত 'অশোকা' ছবির গান 'সান সানানা...' দিয়ে শুরু হয় অ্যানাস্তাসিয়ার পারফরম্যান্স। সম্রাট অশোকের বেশে সেসময় সাড়া ফেলেছিলেন কিং খান। তার লাল-কালো পোশাকে 'সান সানানা...' গানে অনুরাগীদের রাতের ঘুম ওড়ান করিনা। সেই গানেই গম গম করে উঠল শীতকালীন অলিম্পিক।
তবে এখানেই শেষ নয়। পাঞ্জাবি নগান 'যোগী'তেও দৃষ্টি আকর্ষণ করেন ২৩ বছরের অ্যাথলিট তরুণী। আর তরপরই আসে সবচেয়ে বড় টুইস্ট। বলিউডের সুপারহিট ছবি 'ধুরন্ধর'-এর টাইটেল ট্র্যাকে গতি পায় তাঁর পারফরম্যান্স। সেই মিউজিক অন হতেই হাততালির শব্দে ভরে ওঠে গোটা স্টেডিয়াম।
'ধুরন্ধর'-এর গান শুরু হতেই অ্যানাস্তাসিয়ার মুভগুলি হয়ে ওঠে আরও বেশি তীক্ষ্ণ। নজর কাড়ে তাঁর ব্লেন্ডিং টেকনিক, পায়ের কাজ এবং স্পিন।
তবে শুধুই গান নয়। অ্যাথলিটের সাজ-পোশাকেও ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। আইস স্কেটিং রিংয়ে টিপ পরে কোনও জর্জিয়ান অ্যাথলিটকে এর আগে দেখা গিয়েছে কিনা, কেউ মনে করতে পারছেন না।
Published By: Sulaya SinghaPosted: 10:05 PM Feb 09, 2026Updated: 10:12 PM Feb 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
