Advertisement
'ও আমার সঙ্গেই বেশি ঘনিষ্ঠ...', রাহুলকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য আথিয়ার লাস্যময়ী বান্ধবীর
রাহুলকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন এক লাস্য়ময়ী বলি অভিনেত্রী! বলছেন, রাহুলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাই বেশি।
কে এল রাহুল। বর্তমানে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। সুদর্শন ক্রিকেটারদের তালিকায় উপরের দিকে থাকে তাঁর নাম। বহু মহিলার 'ক্রাশ' হলেও রাহুল আপাতত সুখে শান্তিতে সংসার করছেন আথিয়া শেট্টির সঙ্গে। তাঁদের একটি কন্যাও রয়েছে। কিন্তু 'ফ্যামিলি ম্যান' রাহুলকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন এক লাস্য়ময়ী! ওই বলি অভিনেত্রীর সাফ কথা, রাহুলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাই বেশি।
দীর্ঘদিন প্রেমের পর ২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন রাহুল-আথিয়া। বছরদুয়েক পর তাঁদের কোল আলো করে আসে কন্যা ইভারা। মেয়ের জন্মের পর অভিনয়ের কেরিয়ারকে বিদায় জানান আথিয়া। মাঝে মাঝেই রাহুলের সঙ্গে প্রেমমাখা ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি রাহুল-আথিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বলি অভিনেত্রী আকাঙ্খা রঞ্জন কাপুর। তিনি আবার আথিয়ার বান্ধবীও।
কী বলছেন আকাঙ্খা? জানাচ্ছেন, তারকা ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাই বেশি ছিল একটা সময়ে। রাহুলের সঙ্গে বন্ধুত্ব ছিল আকাঙ্খার। সেসময়ে আথিয়ার সঙ্গে পরিচয় থাকলেও ঘনিষ্ঠতা ছিল না রাহুলের। সেখান থেকে কীভাবে বিয়ে পর্যন্ত পৌঁছে গেলেন তারকা ক্রিকেটার? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কাহিনিই তুলে ধরেছেন আকাঙ্খা। দাবি করেছেন, রাহুল-আথিয়ার জুটি তৈরির মূল কৃতিত্ব আসলে তাঁরই।
রাহুল-আথিয়ার প্রেমের ফুল ফুটল কী করে? আকাঙ্খা জানাচ্ছেন, "সেসময়ে রাহুলের সঙ্গে আমার ঘনিষ্ঠতাই বেশি ছিল। আথিয়ার সঙ্গেও বন্ধুত্ব ছিল অবশ্য। একদিন রাহুল আমাকে বলল, আথিয়ার সঙ্গে 'সেটিং' করিয়ে দেওয়ার জন্য।" তারকা ক্রিকেটারের এমন আবদার শুনেই কাজে লেগে পড়েন আকাঙ্খা। বন্ধুত্ব পাতান আথিয়ার সঙ্গে। চেষ্টা করতে থাকেন রাহুল এবং আথিয়াকে কীভাবে কাছাকাছি আনা যায়।
আথিয়ার মন জয় করতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলে ফেলেন রাহুল। সেখানে আথিয়া এবং আকাঙ্খা দু'জনেই ছিলেন। সেখান থেকেই তাঁদের বন্ধুত্বও গভীর হয়। শেষ পর্যন্ত রাহুল-আথিয়ার ফ্যামিলি ফ্রেন্ড হয়ে উঠেছেন আকাঙ্খা। নিজের বেস্ট ফ্রেন্ড বলতে বলি অভিনেত্রীর মনে পড়ে আথিয়ার কথাই। তিনজনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে বহুবার। আকাঙ্খার দাবি, তাঁর উদ্যোগেই শেষ পর্যন্ত চারহাত এক হয়েছে।
সাক্ষাৎকার দিতে গিয়ে আকাঙ্খা বলেন, "সকলের সেটিং করিয়ে দিতে আমার দারুণ লাগে। সত্যি বলতে আমি কাজটা বেশ ভালোই লাগে। বলতে পারেন, আমি সেটিং করিয়ে দেওয়ার রানি। আমি বেঁচে রয়েছি দু'জন মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য।" তবে নিজের জীবনের 'সেটিং' করতেও ভোলেননি আকাঙ্খা। গত মাসেই শরণ শর্মাকে বিয়ে করেন তিনি। বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আথিয়া।
২০১৯ সালের জানুয়ারিতে অন্য এক বন্ধুর মারফৎ প্রথম দেখা আথিয়া আর রাহুলের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। দীর্ঘ চার বছর সম্পর্কে থাকার পর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। সুনীল শেট্টির খান্ডালার ফার্মহাউসে রূপকথার বিয়ে সেরেছিলেন সেলেব দম্পতি। বিয়ের দু'বছর পর মা-বাবা হিসেবে জীবনের আরও এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। আপাতত দু'জনে সুখে সংসার করছেন।
রাহুলের জীবনে এখন ভরপুর ক্রিকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে যাওয়া ভারতীয় দলে সহ অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আগামী বছর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সেটার জন্য়ও প্রস্তুতি নিচ্ছেন জোরকদমে। অন্যদিকে, আথিয়া সেভাবে প্রচারের আলোয় থাকেন না অভিনয় ছেড়ে দেওয়ার পর। মাঝেমাঝে ব্র্যান্ড কোল্যাব করে থাকেন। তবে সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। ছবি-ভিডিও আপলোড করেন স্বামী-সন্তানকে নিয়ে।
Published By: Anwesha AdhikaryPosted: 03:17 PM Aug 25, 2026Updated: 03:45 PM Aug 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
