Advertisement
জনপ্রিয় গায়িকাকে অপহরণ করে খুন! খাল থেকে উদ্ধার দেহ, কোন 'অপরাধে' করুণ পরিণতি?
নৃশংস ঘটনা! গায়িকার পরিণতিতে শোকের আবহ সঙ্গীত দুনিয়ায়।
পাঞ্জাবি সঙ্গীতদুনিয়ার পরিচিত মুখ ইন্দর কৌর ওরফে যশবিন্দর। সোশাল মিডিয়ায় ১ লক্ষ ২৪ হাজারের উপর ফলোয়ার। কেরিয়ারে 'রিচ স্ট্যান্ডার্ড', 'সোনা লাগড়া', 'দেশি সিরে দে'র মতো একাধিক হিট পাঞ্জাবি গান। এমনকী পাঞ্জাবের তাবড় সব শিল্পীদের সঙ্গে কোল্যাব করে মঞ্চ মাতিয়েছেন। সেই গায়িকারই কিনা এহেন চরম পরিণতি! ইন্দরের রহস্যমৃত্যুতে পাঞ্জাবের বিনোদুনিয়ায় শোকের ছায়া।
ছয় দিন আগে লুধিয়ানায় বন্দুকবাজদের হাতে অপহৃত হয়েছিলেন ইন্দর কৌর। তার একসপ্তাহ বাদে এবার লুধিয়ানার নীলো খাল থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করা হয়। কী কারণে অপহরণ ও হত্যা? এর নেপথ্যে কারা? ইতিমধ্যেই এহেন একগুচ্ছ প্রশ্নে সরগরম পাঞ্জাবের সিনেদুনিয়া। চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট রাজ্যে।
খবর, গত ১৩ মে রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাজার করতে। রাত প্রায় সাড়ে আটটা নাগাদ নিজের ফোর্ড ফিগো গাড়ি নিয়ে বের হন। কিন্তু গভীর রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেননি বছর ২৯-এর ইন্দর কৌর। পরিবার প্রথম থেকেই অপহরণের আশঙ্কা করেছিল। এরপরই খোঁজ শুরু হয়। যার জেরে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পরিবারের হাতে। কীরকম?
গায়িকার পরিবারের সদস্যরা জানতে পারেন, মোগা জেলার ভালুর গ্রামের সুখবিন্দর সিংয়ের সঙ্গে ইন্দরের পরিচয় ছিল। শুধু তাই নয়, গায়িকার ভাই যতিন্দর পুলিশের অভিযোগ করেন যে, সুখবিন্দর সিং তাঁর বোনকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু ইন্দর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁর দাবি, সুখবিন্দর সিংহ ওরফে সুখা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই ইন্দরকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের সুবাদে ইন্দর ও সুখবিন্দরের পরিচয় হয়েছিল। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে পরবর্তীতে ইন্দর জানতে পারেন যে, সুখবিন্দর আগে থেকেই বিবাহিত এবং তাঁর এক সন্তানও রয়েছে। সত্যিটা জানার পরেই সম্পর্ক থেকে সরে আসতে চান ইন্দর এবং বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। পরিবারের অভিযোগ, এর পর থেকেই সুখবিন্দর নানাভাবে হুমকি দিচ্ছিল।
যতিন্দর এও দাবি করেন যে, রাগের বশে সুখবিন্দর ও তার সহযোগীরা ইন্দরকে বন্দুক দেখিয়ে অপহরণ করে এবং পরে খুনে করে খালে দেহ ফেলে। গায়িকার পরিবারের অভিযোগ, 'হত্যাকাণ্ডের পর সুখবিন্দর সিং কানাডায় পালিয়ে গিয়েছেন। খুনের উদ্দেশ্য নিয়েই কানাডা থেকে পাঞ্জাবে এসেছিলেন সুখবিন্দর। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, সুখবিন্দর কানাডা থেকে ভায়া নেপাল হয়ে ভারতে ঢুকেছিলেন।
জামালপুর থানার পুলিশ আধিকারিক বলবীর সিং জানান, সকাল ১১টা নাগাদ নীলো খালে একটি মৃতদেহ পাওয়া গেছে বলে পুলিশ প্রথমে খবর পায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শনাক্তকরণের জন্য পরিবারকে ডেকে পাঠায়। পরে ইন্দর কৌরের পরিবার এসে তাঁর দেহ শনাক্ত করে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর, ইন্দর নিখোঁজ থাকায় তাঁর ভাই যতিন্দর সিং পুলিশে একটি অভিযোগ দায়ের করেছিলেন, যেখানে ২ জনের নামোল্লেখও করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৫ মে মোগার বাসিন্দা সুখবিন্দর সিং ওরফে সুখা এবং তার সহযোগী করমজিৎ সিংয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল। তবে, গায়িকার পরিবারের অভিযোগ, FIR-এর পরও পুলিশের তরফে কোনও বড় পদক্ষেপ নেওয়া হয়নি।
ঘটনার একসপ্তাহ পর লুধিয়ানার নীলো খালে গায়িকা যশবিন্দর কৌরের দেহ উদ্ধার হয়। পাঞ্জাবের বিনোদুনিয়ায় মাঝেমধ্যেই বন্দুকবাজের হামলার খবর প্রকাশ্যে আসে কিন্তু শুধুমাত্র বিয়ের প্রস্তাব ফেরানোয় যে কারও এহেন চরম পরিণতি হতে পারে, সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি গায়িকার ঘনিষ্ঠমহল।
ইন্দর শুধু গায়িকা নন, তিনি একজন মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত ছিলেন বলে জানা যায়। গায়িকার মৃত্যুতে সোশাল মিডিয়াতেও ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন অনেকে। পুলিশ ইতিমধ্যেই এই খুনের তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে অপহরণ, খুন এবং ষড়যন্ত্রের মতো একাধিক ধারায় মামলা রুজু করেছে।
১৯৯৭ সালে জন্ম ইন্দরের। গানের পাশাপাশি রূপটান শিল্পী হিসেবেও জনপ্রিয় ছিলেনষ 'আফগান জট্টি', 'লানেদারনি', 'সোনে দি ওয়াং', 'কিসান অ্যান্থেম', 'জিজা', 'রিচ স্ট্যান্ডার্ড', 'আকড়', 'কাদো তি মিলেগি'র মতো বহু গান পাঞ্জাবের মাটিতে তাঁকে খ্যাতি এনে দিয়েছিল। সেই গায়িকার এমন পরিণতিতে শোকের আবহ সঙ্গীত দুনিয়ায়। (ছবি- সংগৃহীত)
Published By: Sandipta BhanjaPosted: 06:13 PM May 19, 2026Updated: 06:13 PM May 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
