Advertisement
বিশ্বকাপ থিমের সাড়ে ৫ লক্ষ কন্ডোম! দর্শকদের নিরাপদে 'গোল' দেওয়ার ব্যবস্থা আয়োজক দেশে
প্যাকেটের গায়ে লেখা থাকছে, 'কী দারুণ শট'!
গোওওওওল... আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাতবে গোটা দুনিয়া। অনেকে আমেরিকা-কানাডা-মেক্সিকোতে চলে যাবেন খেলা দেখতে। তাঁরা চাইলে থাকছে নিরাপদে 'গোল' করার ব্যবস্থা। টরন্টোয় দর্শকদের দেওয়া হবে বিশ্বকাপের থিমের কন্ডোম।
১১ জুন থেকে আমেরিকা মহাদেশের তিন দেশে ফুটবলের মহারণ। এবার বিশ্বকাপ খেলবে ৪৮টি দেশ। বেশি দেশ মানে দর্শক সংখ্যাও বাড়বে। এর মধ্যে কানাডাতে বিশ্বকাপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। মাঠের পরিকাঠামোর পাশাপাশি মাঠের বাইরেও নিরাপদে 'খেলাধুলো'র ব্যবস্থা থাকছে টরন্টো শহরে।
সম্প্রতি ৬ রকম কন্ডোমের বিশেষ 'প্রজেক্ট' কানাডার বাজারে আনা হয়েছে। সোশাল মিডিয়ায় ছবিও ভাইরাল হতে শুরু করেছে। এর আসল বৈশিষ্ট্য হল- বিশ্বকাপ থিম। ব্যাপারটা কী? ফুটবল মাঠে যেমন গোল করা বা গোল আটকানোর লক্ষ্য থাকে। এই কন্ডোমের থিমও সেরকম। কোনওটার প্যাকেটে জুতোর ভালোবাসার চিহ্ন।
কোনওটার প্যাকেটে দেখা যাচ্ছে ফুটবল জালে আটকে যাচ্ছে। পাশে লেখা, 'ওয়াট আ ফিনিশ'। কিংবা আরেকটির প্যাকেটে ডিফেন্ডাররা বল আটকাচ্ছেন। সঙ্গে লেখা, 'শট আটকে দিল।' আরেকটির প্যাকেটে ফল ও ফুটবলের ছবিতে 'দুষ্টু' ইঙ্গিত থাকছে। এর মূল উদ্দেশ্য- 'নিরাপদে গোল করুন।'
টরন্টো পাবলিক হেলথ সংস্থার তরফ থেকে ফ্রিতে বিশ্বকাপ দর্শকদের মধ্যে কন্ডোম বিলি করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি টাকা খরচ করা হয়েছে। মোট ৫ লক্ষ ৭৬ হাজারটি কন্ডোম রাখা রয়েছে। মোট ৬ রকম বিশ্বকাপ থিমের কন্ডোম থাকছে। সঙ্গে থাকছে ২ লক্ষ প্যাকেট 'লুব্রিকেন্ট'।
বিশ্বের যে কোনও বড় স্পোর্টস ইভেন্টে বিনামূল্যে কন্ডোম দেওয়া নতুন কিছু নয়। বিদেশ বিভুঁই থেকে আগত হাজার হাজার দর্শকদের নিরাপদ ও সুস্থ যৌনজীবনের কথা ভেবে কন্ডোমের ব্যবস্থা থাকে। এমনকী অলিম্পিকের সময় 'ভিলেজে' কন্ডোম দেওয়া হয়।
টরন্টোর স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, "আপনি ফুটবল ম্যাচ দেখছেন, পার্টি করছেন কিংবা যেখানেই যান না কেন, মনে রাখবেন যে কন্ডোম আপনার এবং আপনার সঙ্গী বা সঙ্গীদের নিরাপদ রাখবে।" শহরের বিভিন্ন ক্লিনিক ও কেন্দ্রে বিশ্বকাপ জুড়ে বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হবে। শেষ হয়ে গেলে নতুন সরবরাহ আসতেও দেরি হবে না।
স্বাস্থ্যসচেতনতার প্রচারে বিভিন্ন ফুটবল মাঠের শব্দ ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে একটা হল- গেম ডে লাইন আপ। যেমন ম্যাচের আগে প্রথম একাদশ জানানো হয়, অনেকটা সেরকম। এই প্রচারের উদ্দেশ্য, 'যৌনতা হোক নিরাপদ। কোনও ছুঁৎমার্গ রাখবেন না। সবাই যৌন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকুন।'
শহরের মূলত চারটি জায়গায় স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে কন্ডোম থাকবে। তবে কর্তৃপক্ষের একটাই অনুরোধ, দয়া করে শহরটি নোংরা করবেন না। টরন্টোর ক্ষেত্রে সমস্যা হল, ২০২৫ সালের তথ্য অনুযায়ী শহরের ছোঁয়াচে রোগগুলির মধ্যে ৮১ শতাংশ যৌনরোগ। তাই আরও সাবধানী টরন্টো স্বাস্থ্যসংস্থা।
Published By: Arpan DasPosted: 04:25 PM May 19, 2026Updated: 06:31 PM May 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
