Advertisement
রক্তে ভাসছে মা-বোনের দেহ, বাবার হাতে বন্দুক, বলিউড অভিনেতার বার্থডে পার্টির 'অভিশপ্ত' রাত!
কে এই অভিনেতা?
১৯৯০ সালের ২১ অক্টোবর। ক্যালেন্ডারের পাতায় বিভীষিকাময় দিন হিসাবে যেন পরিচিত। জন্মদিনের শুভেচ্ছা দিয়ে শুরু হয় দিন। শেষ হয় তিনটি দেহ উদ্ধার দিয়ে। গোটা দিনের বিবরণ যেন গায়ে কাঁটা দেওয়ার মতো। যা শুনে শিউরে উঠবেন যে কেউ।
কাজলের বিপরীতে বিনোদুনিয়ায় অভিষেক কমল সাদানাহর। 'বেখুদি', 'রং'-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ২০ বছরের জন্মদিনে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরন। বান্দ্রার বাংলো 'জল কমলে' পরিবারের লোকজনের সঙ্গে ফেরেন। ভেবেছিলেন জন্মদিন উদযাপন হবে।
কমল জানান, বন্ধুদের সঙ্গে একটি ঘরে বসে গান শুনছিলেন। আচমকা পরিস্থিতি বদলে যায়। একের পর এক গুলির শব্দ পান। যা শুনে দৌড়ে ঘরে গিয়ে ঢোকেন কমল। দেখেন, তাঁর মা সাইদা খান (সুধা) এবং তাঁর বোন নম্রতা মাটিতে পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে মেঝে।
তাঁর বাবা ব্রিজ সাদনাহ সামনেই দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে বন্দুক। যেটি লাইসেন্সপ্রাপ্ত। কমল যেন হকচকিয়ে যান। কিছু বোঝার আগে তাঁর দিকে বন্দুক তাক করেন বাবা। গুলি গিয়ে তাঁর গলার পিছন দিকে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনকেই। কমল বেঁচে যান। তাঁর মা ও বোনের মৃত্যু হয়। এরপর অবশ্য আত্মহত্যা করেন তাঁর বাবা।
ঠিক কেন কমলের বাবা বিখ্যাত পরিচালক এই কাজ করলেন, তা স্পষ্ট নয়। তিন দশক কেটে গেলেও কোনও তথ্য পাওয়া যায়নি। তিনটি মৃত্যু, একজনমাত্র প্রত্যক্ষদর্শীর বেঁচে থাকা আর একরাশ প্রশ্নের ভিড়। প্রতিবেশীদের দাবি, কমলের বাবার কেরিয়ারে ভালো সময় যাচ্ছিল না। তাই মদের নেশায় ক্রমশ ডুবে যাচ্ছিলেন। স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। যা মাঝে মাঝে ভয়াবহ রূপ নিত।
এক সাক্ষাৎকারে কমল ভয়াবহ ঘটনার স্মৃতিচারণা করেন। জানান, বাবার ছোড়া গুলিতে গলার স্নায়ুর বিস্তর ক্ষতি হয়। তাঁর কথায়, "ওই রাতে আর কিছু ভাবনাচিন্তার সময় ছিল না। সকলকে বাঁচানোর কথা মাথায় ঘুরছিল। কোনওক্রমে মা ও বোনকে নিয়ে হাসপাতালে যাই। শার্ট তখন রক্তে ভেসে যাচ্ছে। চিকিৎসকদের জানাই, প্রথমে মা ও বোনের চিকিৎসা করুন।" বিপদের সময়ে পাশে পেয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু আবিস রিজভিকে।
ওই রাতেই কমলের অস্ত্রোপচার হয়। গলা থেকে গুলি বের করা হয়। তিনি সুস্থ হয়ে যান। তবে মা, বোন এবং বাবার মৃত্যুর মতো কঠিন বাস্তবকে মেনে নিতে হয় তাঁকে। ঠিক কী কারণে এই কাণ্ড ঘটল, তা স্পষ্ট নয়। কেউ বলেন, মদ্যপানের ফলে অশান্তিতে এই কাণ্ড। কেউ কেউ দাবি করেন, কমলের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বোন নম্রতার সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি চলছিল।
Published By: Sayani SenPosted: 06:07 PM Aug 10, 2026Updated: 06:07 PM Aug 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
