Advertisement
ভিউ বাড়ানোর লোভ নেই! সরাসরি মেয়ে হওয়ার খবর দিয়ে নজর কাড়লেন সহজ-সরল 'বংপোস্ত'
সোশাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় পায়েল। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৫৫ লক্ষের বেশি।
এখন আর সোশাল মিডিয়া শুধু বিনোদনের জন্য নয়। এই প্ল্যাটফর্ম এখন উপার্জনের বড় মাধ্যম হয়ে উঠেছে। বহু মানুষের পেশা এখন কন্টেন্ট তৈরিই। তবে সকলেই যে উন্নত মানের কন্টেন্ট তৈরি করেন, তা কিন্তু একেবারেই নয়। অনেকেই অর্থের নেশায় বেডরুমের ইতিবৃত্ত নিয়ে আসেন সোশাল মিডিয়ায়। কিছু ক্রিয়েটরের কাছে বিয়ে, সন্তান সবটাই 'রিচ এলিমেন্ট'! যত বেশি ভিউ ততই আয়।
কিন্তু সকলে যে স্রোতে গা ভাসিয়ে দেন, তা কিন্তু নয়। সোশাল মিডিয়ায় কাজ করে জনপ্রিয়তা পেলেও ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্তগুলো কিছু ক্রিয়েটের কাছে সত্যিই দামী। ফলোয়াররা আদতেই তাঁদের কাছে পরিবার। তাই সন্তানের 'জেন্ডার রিভিল' ভিডিওর নামে ভিউ বাড়ানোর খেলায় মাতেন না তাঁরা। ঠিক যেমন 'বং পোস্ত' পায়েল রায়। হাসপাতালের ছোট মুহূর্ত সোশাল মিডিয়ায় তুলে ধরলেও সন্তানকে 'ব্যবসার পণ্য' করেননি নতুন মা পায়েল।
২০১৬ সালে ইউটিউব জার্নি শুরু পায়েল রায়ের। সঙ্গী বোন দোয়েল। মূলত মজার ভিডিও করেন তিনি। মাঝে মধ্যে ডেইলি ভ্লগও করেন। বর্তমানে ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৫৫ লক্ষের বেশি। ২০২৪ সালে অভিক দলুইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পায়েল। ক্রিয়েটরের বিয়ে মানেই প্রতিমুহূর্তের ভিডিও আপলোড হয় পেজে। নিন্দুকেরা কটাক্ষ করে বলেন, যা খরচ হয় তা ৩ দিনের ভিডিওতেই তুলে নেন ক্রিয়েটররা! পায়েলের ক্ষেত্রে কিন্তু তা হয়নি।
বং পোস্তর ইউটিউব চ্যানেলে চোখ রাখলে দেখা যায়, স্রেফ বিয়ের একটা তিনমিনিটের টিজার ছাড়া কিন্তু পোস্ট করা হয়নি। যদিও পরবর্তীতে স্বামীর সঙ্গে একাধিক ভিডিও তিনি ফেসবুজে পোস্ট করেছেন। দিন কয়েক আগে অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন পায়েল। ফেসবুক পেজে নানা মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন।
স্বাভাবিকভাবেই ছেলে হল না মেয়ে, তা নিয়ে কৌতুহল ছিল ফলোয়ারদের মধ্যে। কিন্তু সাধারণত ক্রিয়েটররা এই তথ্য সহজে ফাঁস করতে চান না। কারণ, যত দেরিতে জানানো হবে তত বেশি ভিউ! কারণ, এই বুঝি জানিয়ে দিল ঘরে লক্ষ্মী এসেছে না নারায়ণ, তা জানতে প্রতিমুহূর্তে প্রিয় ক্রিয়েটরের পেজে নজর রাখেন অনুরাগীরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে দেদার উপার্জন হয়ে যায় ক্রিয়েটরদের। কিন্তু পায়েলের ক্ষেত্রে দেখা ঠিক অন্য ছবি। যা নিঃসন্দেহে সকলের মন কেড়েছে।
ব্য়াপারটা ঠিক কী? পায়েলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই স্বামী অভিক-সহ পরিবারের সদস্যরা অপেক্ষা করেছিলেন। চিকিৎসক এসে সুখবর দেওয়ার পরই সন্তানকে দেখানোর জন্য নিয়ে আসা হয় বাইরে। চিকিৎসক অভিককে জানান, "শুভেচ্ছা, আপনার কন্যাসন্তান হয়েছে।" ডাক্তারের কথা শুনে আনন্দে চোখ ভিজে যায় নতুন বাবার। আর এই গোটা দৃশ্যটাই ফেসবুকে আপলোড করা হয় তখনই।
Published By: Tiyasha SarkarPosted: 06:48 PM Jul 20, 2026Updated: 06:49 PM Jul 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
