Advertisement
বিয়ের পরই নতুন লুকে রোনাল্ডো, চুলের এ কী রং! হতভম্ব সিআর ভক্তরা
রোনাল্ডোর নতুন হেয়ারস্টাইল চমকে দেবে আপনাকেও। দেখুন সেই ছবি।
৯ বছরের প্রেমপর্বের পর সংসারীও হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘরোয়া অনুষ্ঠানে জর্জিনা রড্রিগেজের সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন পর্তুগিজ কিংবদন্তি। প্রায় একযুগ আগে মাদ্রিদের একটি দোকানে আলাপ। সেখান থেকে শুভ পরিণয়। রোনাল্ডো এবং জর্জিনা দীর্ঘদিন ধরেই একত্রে বসবাস করছিলেন। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর রোনাল্ডো সোশাল মিডিয়ায় নিজের এবং জর্জিনার আংটি পরিহিত হাতের ছবি পোস্ট করেন।
বিয়ের ছুটির পর রোনাল্ডো আবার ফিরেছেন খেলার মাঠে। নিজের ক্লাব আল নাসেরর অনুশীলনে যোগ দিয়েছেন সিআর সেভেন। কিন্তু এবার একটু অন্যরকম। অন্য লুকে। বিয়ের পর রোনাল্ডোকে বেশ ফুরফুরে দেখিয়েছে। আসলে সিআর সেভেন হেয়ারস্টাইল বদলে ফেলেছেন। চুল আগের থেকে অনেকটাই ছোট করেছেন।
তবে রোনাল্ডোর হেয়ারস্টাইলে সবচেয়ে বড় পরিবর্তনটি হল রংয়ে। আগের ঘন কালো চুল আর নেই। সিআর সেভেন নতুন করে চুলের রং তামাটে করেছেন। চেনা গাঢ় বাদামি বা কালো চুলের বদলে তাঁর মাথায় এখন তামাটে-হলুদ রঙের ছোঁয়া। এই নতুন অবতারেই আসন্ন মরশুমের প্রস্তুতি শুরু করে দিলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা। ইতিমধ্যেই সিআর সেভেনের চুলের ছাঁট ভাইরাল হয়ে গিয়েছে।
রোনাল্ডোর হেয়ারস্টাইল বদলের অবশ্য নতুন নয়। কখনও স্পাইক, কখনও ছোট ছাঁট। কখনও ঝুঁটি বাঁধা, কখনও ব্যাকব্রাশ করা। এমনিতেই তিনি বিশ্ববরেণ্য ফুটবল তারকা। সেই সঙ্গে স্টাইল আইকনও। রোনাল্ডো নতুন কোনও হেয়ারস্টাইল করলে সেটা গোটা বিশ্বের যুবসমাজের জন্য স্টাইল স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়। এবারেও সেটার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবারই আল নাসেরের অনুশীলনে যোগ দেন সিআর সেভেন। ২০২৬-২৭ সৌদি প্রো লিগ মরশুমের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে দল। আসন্ন মরশুম রোনাল্ডোর পেশাদার ক্লাব কেরিয়ারের ২৫তম মরসুম হতে চলেছে। সামনে রয়েছে এক ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার হাতছানি। আপাতত তাঁর টার্গেট ১ হাজার গোল। এই মুহূর্তে ৯৭৬টি গোলের মালিক রোনাল্ডো।
গত ৬ জুলাই স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। তারপর বেশ কিছুদিন ফুটবলের বাইরে। ছুটি কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে। এর মধ্যে পর্তুগালের কাসকাইস শহরে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন। তারপর ফিরেছেন রিয়াধে দলের অনুশীলনে। ব্যক্তিগত জীবনের আনন্দের মুহূর্তে তাঁর নতুন লুকও রীতিমতো চর্চায়। ২১ আগস্ট আল নাসেরের পরের ম্যাচে ফের মাঠে নামতে পারেন সিআর সেভেন।
Published By: Subhajit MandalPosted: 02:34 PM Aug 16, 2026Updated: 02:34 PM Aug 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
