Advertisement
সম্মিলিত সম্পদ ৭০ লক্ষ কোটি, দেশের ধনকুবের পরিবারগুলির অফুরান বৈভব, শীর্ষে কে?
আম্বানি-আদানি থেকে বিড়লা, বৈভবের নিরিখে কোথায় কারা?
বৈভবের ছড়াছড়ি। দেশের সবচেয়ে বড় পরিবার ভিত্তিক সংস্থাগুলির সম্মিলিত আয় বিশ্বের তাবড় তাবড় দেশের মোট জিডিপির চেয়েও বেশি। Hurun India-র সাম্প্রতিকতম রিপোর্ট বলছে, দেশের সেরা ৩০০টি ধনী পরিবারের মোট সম্পদ প্রায় ১৩৮ লক্ষ কোটি টাকা। এই ৩০০ পরিবারের সম্মিলিত সম্পদ জিডিপির হিসাবে করলে গোটা বিশ্বে ১৮ নম্বরে থাকবে।
হিসাব বলছে গত দু'বছর ধরে এই ৩০০টি পরিবার প্রতিদিন নিজেদের সম্পদ বাড়িয়েছে ৪ হাজার ৭৬ কোটি টাকা করে। স্রেফ ২০২৪ সালের পর এই পরিবারগুলির সম্মিলিত সম্পদ বেড়েছে ৩০ লক্ষ কোটি টাকা। এই মুহূর্তে ভারতের ৩০০টি সেরা পরিবারের সম্মিলিত সম্পদ পোল্যান্ড, নেদারল্যান্ড, সৌদি আরবের মতো দেশের চেয়েও বেশি। এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী ১০টি পরিবারের সম্পদের পরিমাণ ৭০.৫ লক্ষ কোটি টাকা।
দেশের সবচেয়ে ধনী পরিবারের তালিকায় শীর্ষে আম্বানিরা। সব মিলিয়ে রিলায়েন্সের বিভিন্ন সংস্থার ব্যবসার সম্মিলিত মূল্য ২৫.৮ লক্ষ কোটি টাকা। এই নিয়ে পর পর ৩ বছর এই তালিকায় শীর্ষে মুকেশ আম্বানির সংস্থা। তবে চমকপ্রদভাবে এ বছর আম্বানিদের সম্পত্তি কমেছে প্রায় ৮.৫ শতাংশ। তা সত্ত্বেও পারিবারের মালিকানাধীন সংস্থার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কুমার মঙ্গলম বিড়লা পরিবারের চেয়ে প্রায় ৩ গুণ সম্পত্তি আম্বানিদের।
ধনী পরিবারের তালিকায় দ্বিতীয় স্থানে কুমার মঙ্গলম বিড়লা পরিবার। আদিত্য বিড়লা গ্রুপের মোট সম্পদ প্রায় ৮.১৪ লক্ষ কোটি টাকা। আম্বানিদের থেকে অনেক পিছিয়ে বিড়লারা। তবে জিন্দালদের থেকে সামান্য এগিয়ে তাঁরা। সম্পত্তির নিরিখে জিন্দালরা রয়েছেন দেশে তৃতীয় স্থানে। তাঁদের মোট সম্পদ ৮.০২ লক্ষ কোটি টাকা।
এক বছরে অনেকটা সম্পত্তি কমে যাওয়ায় বাজাজ পরিবার নেমে গিয়েছে চতুর্থ স্থানে। এই মুহূর্তে তাঁদের মোট সম্পত্তি ৭.৭ লক্ষ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছে মাহিন্দ্রা পরিবার। ওই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৫.১৫ কোটি টাকা। তাঁদের সম্পত্তির পরিমাণও অনেকটাই কমেছে।
প্রথম প্রজন্মের ধনীদের তালিকায় এখন দেশের শীর্ষে আদানিরা। গৌতম আদানির মোট সম্পত্তি প্রায় ১৯.৫৮ লক্ষ কোটির। যা কিনা সার্বিকভাবে গোটা দেশের ধনীদের মধ্যে দ্বিতীয় স্থানে পড়বে। এই প্রথম প্রজন্মের ধনীদের তালিকায় নাম রয়েছে সুনীল মিত্তলের (১২.১০) লক্ষ কোটি।
চাকরির বাজারেও দাপট রয়েছে দেশের সবচেয়ে ধনী ৩০০টি পরিবারেরই। স্রেফ এই ৩০০টি পরিবার দেশের প্রায় ৫৪ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে। যা কিনা নিউজিল্যান্ডের মতো দেশের মোট জনসংখ্যার সমান। গত এক বছরে এই সংস্থাগুলি ৫.৬ লক্ষ কোটি টাকা স্রেফ মুনাফা তুলেছে।
Published By: Subhajit MandalPosted: 06:53 PM Aug 12, 2026Updated: 09:02 PM Aug 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
