Advertisement
জলের দরে বিমান সফর করতে চান? বুকিংয়ের আগে এই ৫ বিষয় জানা থাকলেই কেল্লাফতে
বিমানের দর দাম যে সর্বদা ওঠা-নামা করে সকলেই জানেন। কিন্তু কবে-কখন কমবে, তা অধিকাংশই জানেন না।
সামনেই গ্রীষ্মের ছুটি পড়বে স্কুলগুলোতে। এই সময় অধিকাংশই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। বিদেশ হোক বা দেশেই, সকলেই চান যাতায়াতে যেন বেশি সময় নষ্ট না হয়। কারণ, তাহলে ঘোরার সময়টা একটু হলেও বেশি পাওয়া যায়। তাই অধিকাংশই এখন চেষ্টা করেন বিমানে সফর করার। তাতে সময় বাঁচে অনেকটা।
তবে বিমান সফর বললেই তো হল না, তাতে একটা বড় অংক খরচের বিষয় থেকেই যায়। মধ্যবিত্তের অধিকাংশেরই শখ থাকলেও বিমান সফরের স্বপ্ন অধরাই থেকে যায়। কিন্তু জানেন কি কয়েকটি বিষয় খেয়াল রাখলেই এই খরচেও রাশ টানা যায়।
বিমানের দর দাম যে সর্বদা ওঠা-নামা করে সকলেই জানেন। কিন্তু কবে-কখন কমবে, তা অধিকাংশই জানেন না। মনে রাখবেন, বিমানের টিকিটের দাম সব থেকে কম থাকে মঙ্গলবার রাত ১২ টা থেকে বুধবার দুপুর ১২ টা পর্যন্ত। এই সময়সীমার মধ্যে টিকিট কাটলে খরচ কিছুটা হলেও বাঁচবে।
বিমানের টিকিট বুকিংয়ের সময় ফোন রাখতে হবে ইনকগনিটো মোডে। টিকিট বুকিং করার আগে সকলেই একাধিকবার তা চেক করেন। বলা হয়, একই রুটের টিকিট সার্চ করলে এয়ারলাইন বা ট্রাভেল সাইটগুলো কুকিজ ট্র্যাক করে দাম বাড়িয়ে দেয়। ইনকগনিটো মোড ব্যবহার করলে এই কুকিজ ব্রাউজারে সংরক্ষিত হয় না, তাই দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয় না।
এখন সকলেই বিভিন্নরকম ক্রেডিড কার্ড ব্যবহার করেন। অবশ্যই বিমানের টিকিট বুকিংয়ের সময় ব্যবহার করুন সেগুলোই। তাতে বাড়তি কিছু ছাড় তো পাবেনই, সেই সঙ্গে মিলবে রিওয়ার্ডও।
ঘুরতে যাওয়ার পরিকল্পনা সাধারণত সকলেই বেশ কিছুদিন আগেই করেন। যদি বিদেশ সফরের পরিকল্পনা থাকে, তাহলে চেষ্টা করুন হাতে ২ থেকে ৪ মাস সময় নিয়ে টিকিট বুক করার। আর দেশের মধ্যে সফরের ক্ষেত্রে এই সময়সীমা ৩০ বছর। তাতেও কমবে খরচ।
জানেন কি বছরের একটা নির্দিষ্ট মাসে আন্তর্জাতিক বিমানের ভাড়া সব থেকে কম থাকে? নিশ্চয়ই ভাবছেন কোন মাসের কথা হচ্ছে? তা হল নভেম্বর। তাই চেষ্টা করুন পরের বছর বিদেশ ট্যুর করার হলে আগের বছর নভেম্বরে টিকিটটা কেটে রাখার।
এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই এক ধাক্কায় অনেকটা কমবে বিমানের খরচ। তারপর আপনি কোন সংস্থার বিমানে যাত্রা করবেন। এক বিমানেই যাবেন, নাকি লে ওভার নেবেন অর্থাৎ যাত্রাপথের মাঝে কোনও বিমানবন্দরে যাত্রাবিরতি নেবেন, তার উপরও খানিকটা নির্ভর করে খরচ।
Published By: Tiyasha SarkarPosted: 09:14 PM May 05, 2026Updated: 09:19 PM May 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
