Advertisement
ব্যাটিংয়ে দুর্দান্ত, স্পিন বোলিংয়ে চিন্তা, একনজরে মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি-দুর্বলতা
মুম্বই দলে খেতাবজয়ের মতো রসদ রয়েছে।
আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২৮ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মিনি নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি মুম্বই। তবে গত কয়েকটা মরশুম ভালো যায়নি 'এমআই পল্টন'দের। গত মরশুমে প্লে অফে খেলেছিল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দল। তবে চ্যাম্পিয়ন হতে পারেনি পাঁচবারের আইপিএল শিরোপাজয়ীরা। তবে এ মরশুমে শক্তি বাড়িয়ে নতুন করে চেনা মেজাজে ফেরার চেষ্টায় মুম্বই।
স্কোয়াড: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সুর্যকুমার যাদব, তিলক বর্মা, রায়ান রিকেলটন, রবিন মিঞ্জ, রাজ বাওয়া, রঘু শর্মা, মিচেল স্যান্টনার, করবিন বশ, নমন ধীর, জশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, মহম্মদ গজনফার, অশ্বনী কুমার, দীপক চাহার, উইল জ্যাকস, শেরফানে রাদারফোর্ড, ময়ঙ্ক মর্কণ্ডে, শার্দূল ঠাকুর, কুইন্টন ডি কক, ড্যানিশ মালওয়ার, মহম্মদ ইজহার, অথর্ব আনকোলকর, ময়ঙ্ক রাওয়াত।
শক্তি ১: খাতায়কলমে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল মুম্বই ইন্ডিয়ান্স। বরাবরই তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য পরিচিত তারা। এবারের আইপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়ারা রয়েছেন দলে। এঁরা প্রত্যেকেই ম্যাচ উইনার।
শক্তি ২: ওপেনিংয়ে রোহিতের সঙ্গে দেখা যেতে পারে কুইন্টন ডি কক অথবা রায়ান রিকেলটনকে। দুই বিদেশিই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। এর ফলে পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলতে পারে মুম্বই। মিডল অর্ডারে অধিনায়ক হার্দিক রানের গতি বাড়ানোর দায়িত্বে থাকবেন। তাঁর সঙ্গে ফিনিশারের ভূমিকায় থাকবেন নমন ধীর এবং উইল জ্যাকস।
শক্তি ৩: মুম্বইয়ের ব্যাটিং গভীরতাও দারুণ। শার্দূল ঠাকুর, দীপক চাহার, করবিন বশ, মিচেল স্যান্টনাররা ব্যাট হাতেও ভরসা জোগাতে পারেন। সাত নম্বর পর্যন্ত বিশেষজ্ঞ ব্যাটার তো রয়েইছে। তার পরেও ব্যাটিং সামর্থ থাকায় মুম্বই ইন্ডিয়ান্সের লাইনআপকে যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বোলিংয়ে বুমরাহ দলের অন্যতম সম্পদ।
দুর্বলতা ১: শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকলেও দলের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে উঠে আসছে স্পিন বোলিং বিভাগ। বর্তমান স্কোয়াডে স্পিন বিকল্পের ঘাটতি স্পষ্ট। যা মাঝের ওভারগুলিতে দলকে সমস্যায় ফেলতে পারে।
দুর্বলতা ২: দলের প্রধান স্পিনার হিসেবে রয়েছেন স্যান্টনার। তাঁর পাশাপাশি বিকল্প হিসাবে রয়েছেন গজনফার। তবে দু'জনই বিদেশি হওয়ায় একইসঙ্গে তাঁদের খেলানো কঠিন। ফলে দল নির্বাচনে ভারসাম্য বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে।
দুর্বলতা ৩: ভারতীয় স্পিন বিকল্প হিসেবে রয়েছেন ময়ঙ্ক মর্কণ্ডে। কিন্তু তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। ২০২৪-এর আইপিএলের পর থেকে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচগুলিতে তাঁর ইকোনমি রেট ১১.৭৭। যা মুম্বইয়ের জন্য বড় উদ্বেগ।
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), উইল জ্যাকস, নমন ধীর, মিচেল স্যান্টনার, শার্দূল ঠাকুর / দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট প্লেয়ার: অশ্বনী কুমার, ময়ঙ্ক মর্কণ্ডে। ব্যাটিং ৯ বোলিং ৮ ফিল্ডিং ৬
Published By: Prasenjit DuttaPosted: 06:33 PM Mar 22, 2026Updated: 06:33 PM Mar 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
