Advertisement
মেয়েদের বিপদের বন্ধু! রাতবিরেতে 'ত্রাতা' হয়ে উঠবে এই নম্বরগুলিই, জানা আছে তো?
নম্বরগুলি সেভ করুন। পাঠিয়ে রাখুন নিজের বান্ধবী, বোন ও কাছের সব মেয়েদের।
বিপদ কখন কোথায় ঘাপটি মেরে বসে থাকে কে জানে! বিপদের চেহারাও নানা রকম। কিন্তু সব বিপদেই মন খুঁজে বেড়ায় এমন এক 'বন্ধু', যার সাহায্যে সেটার মোকাবিলা করা সম্ভব। খুব বেশি কিছু নয়, মেয়েদের ফোনে যদি এই নম্বরগুলি থাকে, তাহলেই মুশকিল আসান। সঙ্গে রেখে দিলে, সেভ করে রাখলেই কেল্লা ফতে!
গণ পরিবহনে বহু সময়ই ফাঁদ পাতা থাকে। পাশের মানুষটি আচমকাই হয়ে উঠতে পারে 'নরখাদক' পশুর মতো। এমন সময় বহু ক্ষেত্রেই দেখা যায়, সহযাত্রীরা কার্যতই সব বুঝেও মুখ বুজে থাকছেন। একা মেয়েটি বুঝে উঠতে পারে না কী করে এই আচমকা বিপদের মোকাবিলা করবে। এক্ষেত্রে হেল্পলাইন নম্বর ১০৯১। যা হয়ে উঠবে 'ত্রাতা'।
বাইরেই কেবল নয়, বিপদ রয়েছে ঘরেও। গার্হস্থ্য হিংসায় জর্জরিত এই দেশের বহু মহিলারা মুখ বুজে আজও সহ্য করেন তাঁর উপরে ঘটতে থাকা নির্যাতন। অনেক গৃহবধূ বাপের বাড়িতে এই বিষয়ে জানালে শুনতে হয়, ''একটু মানিয়ে নে।'' এমন অসহায় পরিস্থিতিতে পড়ে চোখের জল না ফেলে রুখে দাঁড়াতে হবে। ফোন করুন ১৮১ নম্বরে। দেখবেন আপনি একা নন... পাশেই রয়েছে বন্ধু!
অনেক সময় বিপদ ছড়িয়ে থাকে ছায়া হয়ে! যা শুরুও হতে পারে সাধারণ ভাবে। অনলাইনে আলাপ। ক্রমে শুরু বিরক্ত করা। পাত্তা না দিলে ছবি বিকৃত করে নগ্ন ছবি বানিয়ে ছড়িয়ে দেওয়ার ব্ল্যাকমেল করা হতে থাকে। বহু মেয়েই পড়েন এমন সমস্যায়। আর কিংকর্তব্যবিমুঢ় হয়ে যান। অথচ ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানালেই সেই বিপদ থেকে পরিত্রাণের পথ খুলবে।
আজকের দিনে আইটি থেকে শুরু করে নানা কর্মক্ষেত্রে চাকরির সুবাদে বহু মেয়েকেই রাতবিরেতে বাড়ি ফিরতে হয়। আর সেই সময় যদি পিছু নেয় কোনও অনাহুত আগন্তুক! রাত গভীর হতে থাকলে চারপাশ ক্রমেই নির্জন হয়ে যায়। রূপকথার যুগে রাক্ষসরা ছিল। এখন নররূপী দানবরা রয়েছে। তাদের মোকাবিলায় মহিলাদের অমোঘ অস্ত্র ১১২। এই হেল্পলাইনে ফোন করলে বিপদ থেকে মুক্তি মিলবে।
আরেকটি গুরুত্বপূর্ণ নম্বর ১৫১০০। কোনও হিংসা কিংবা নির্যাতনের পরে আইনি পরামর্শ চাইলে বিনামূল্যেই তা পাবেন মহিলারা। কেবল ফোন করতে হবে এই নম্বরে। অনেক সময়ই অনভিপ্রেত বিপদের মুখে লড়তে নেমে দিশা মেলে না। সেই পথ দেখাবে এই টোল ফ্রি নম্বর।
কোনও ধরনের মেডিক্যাল এমার্জেন্সির জন্য সেভ করে রাখুন দু'টি নম্বর। ১০৮ ও ১০২, এই দুই নম্বরে ফোন করতে হবে। এর মধ্যে ১০২ হল অ্যাম্বুল্যান্সের টোল ফ্রি নম্বর। অন্যদিকে ১০৮-ও একটি এমার্জেন্সি নম্বর। ক্রিটিক্যাল কেয়ার, ট্রমা, দুর্ঘটনার ক্ষেত্রে এই নম্বরে ডায়াল করতে হবে।
কোনও ধরনের ভয়ানক নির্যাতন শরীর ও মনের সব শক্তিকে চূর্ণ করে দেয়। জন্ম নেয় তীব্র অবসাদ। এমন মানসিক চাঞ্চল্য ও অবসাদের মুখে পড়লে ফোন করতে হবে ১৮০০৫৯৯০০১৯ নম্বরে। যা কিরণ মেন্টাল হেলথ হেলপলাইনের নম্বর।
এছাড়াও আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নম্বর ১০১। আচমকা আগুন লেগে যাওয়ার মতো বিপদ যে কোনও সময় ঘটতে পারে। আর দ্রুত দমকলে খবর না দিলেই বিপদ তার লেলিহান শিখা বিস্তার করবে। এই সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে এই নম্বরে ফোন করে খবর দিলেই দ্রুত দমকল তার কাজ শুরু করতে পারবে। ফলে বিপদের পরিমাণও যতটা সম্ভব কমানো সম্ভব হবে।
Published By: Biswadip DeyPosted: 05:33 PM Mar 25, 2026Updated: 05:34 PM Mar 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
