Advertisement
ব্র্যান্ড ভ্যালুর নিরিখে চার নম্বরে নেমে গেল চেন্নাই, শীর্ষে আরসিবি, কেকেআর-সহ বাকিরা কোথায়?
সার্বিকভাবে আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। তবে পিছিয়ে পরছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ।
আইপিএল মানেই কোটি টাকার খেলা। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ। ব্র্যান্ড ভ্যালুর নিরিখে গোটা বিশ্বে সব খেলার মধ্যে তৃতীয়। এ হেন দামি লিগের দলগুলিও দামি হবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু তা বলে এত দাম! আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির ব্র্যান্ড ভ্যালু বাড়ছে প্রতি বছরই। এবারও ব্যতিক্রম নয়। হিসাব বলছে, এ বছর আইপিএলের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ১১.৪ শতাংশ।
আইপিএলের সবচেয়ে দামি দলের তালিকায় এবার মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সকে টপকে শীর্ষস্থানে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসলে চ্যাম্পিয়ন হওয়াটা বিরাটদের জন্য বিরাট সঞ্জীবনীর মতো কাজ করেছে। যে কারণে তাঁদের ব্রান্ড ভ্যালু হু হু করে বেড়েছে। Houlihan Lokey-এর রিপোর্ট অনুযায়ী আপাতত আরসিবির বাজারমূল্য ২৬৯ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ২,৯৮৪ কোটি।
আইপিএলের ব্র্যান্ড ভ্যালুর নিরিখে সচরাচর প্রথম তিনে থাকে মুম্বই। আপাতত তারা দ্বিতীয় স্থানে। পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মুম্বইয়ে দেশের সেরা তারকারা খেলেন। রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদবরা মুম্বইয়ের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করছে। বর্তমান হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সের বাজারমূল্য ২৬৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ২,৫২৪ কোটি। রোহিতদের ব্র্যান্ড ভ্যালু এক বছরে বেড়েছে ৯.১ শতাংশ।
আইপিএলের ব্র্যান্ড ভ্যালুর নিরিখে তৃতীয় স্থানে কেকেআর। ৩ বারের চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় ইউএসপি দলের কর্ণধার শাহরুখ খান। সেটাই নাইটদের জনপ্রিয়তার অন্যতম কারণ। তাছাড়া কলকাতার দল হওয়ার একটা অ্যাডভান্টেজ আছে। তবে দলে বিশেষ বড় মহাতারকা না থাকায় প্রথম তিনে উঠতে পারে না নাইটরা। বর্তমান হিসাবে নাইটদের বাজারমূল্য ২ হাজার ৩৪৩ কোটি। এক বছরে নাইটদের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে প্রায় ৮ শতাংশ।
ব্র্যান্ড ভ্যালুর নিরিখে চতুর্থ স্থানে নেমে এসেছে চেন্নাই সুপার কিংস। পাঁচ বারের চ্যাম্পিয়নরা দীর্ঘদিন ছিলেন তালিকার শীর্ষে। কিন্তু সমস্যা হল ইদানিং মহেন্দ্র সিং ধোনি ছাড়া সেভাবে আর কোনও মহাতারকা নেই চেন্নাই দলে। এ বছর অবশ্য সঞ্জু স্যামসন যোগ দিয়েছেন। বর্তমান হিসাবে চেন্নাই সুপার কিংসের বাজারমূল্য ২৪৪ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ২৩৩৪ কোটি টাকা। এক বছরে সিএসকের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে মাত্র ৩.৪ শতাংশ।
প্রথম ৪ দল ছাড়া বাকি দলগুলির ব্র্যান্ডভ্যালু অবশ্য অনেকটাই কম। বাজারদরের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কাব্য মারানের দল একবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। হায়দরাবাদ দলের ব্র্যান্ড ভ্যালু ১ হাজার ৬০৭ কোটি। ষষ্ঠ স্থানে উঠে এসেছ বৈভব সূর্যবংশীদের রাজস্থান রয়্যালস। রাজস্থানের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১,৫৪০ কোটি টাকা।
আইপিএলের সেই প্রথম মরশুম থেকে নিয়মিত খেলছে পাঞ্জাব কিংস। কিন্তু এ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে মালকিন প্রীতি জিন্টার জন্য দলের সামান্য জনপ্রিয়তা রয়েছে। পাঞ্জাব কিংসের ব্র্যান্ড ভ্যালু ১৫১১ কোটি টাকা। মাত্র ৪ মরশুম খেললেও আইপিএলের ব্র্যান্ড ভ্যালুর নিরিখে একাধিক দলকে ছাপিয়ে গিয়েছে গুজরাট টাইটান্স। এই মুহূর্তে গুজরাটের অধিনায়ক শুভমান গিল। এই দলটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১৫০২ কোটি টাকা।
Published By: Subhajit MandalPosted: 05:07 PM Jul 29, 2026Updated: 07:04 PM Jul 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
